Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাড়োয়ার তৃণমূল বিধায়ক মাতিনকে ঘিরে বিক্ষোভ, ‘চোর’ স্লোগান, ছোড়া হল ইট

হাড়োয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনের বিরুদ্ধে বিক্ষোভে ‘চোর’ স্লোগান শোনা যায়। স্থানীয়দের ক্ষোভ প্রকাশ, বিস্তারিত জানুন।

হাড়োয়ার তৃণমূল বিধায়ক মাতিনকে ঘিরে বিক্ষোভ, ‘চোর’ স্লোগান, ছোড়া হল ইট
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বারাসত: একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন। ‘চোর-চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগানে সরব হলেন বিক্ষোভকারীরা। মূলত মহিলারাই শামিল হন প্রতিবাদে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় অনুষ্ঠানস্থলে না গিয়ে এলাকা ছাড়তে হয় বিধায়ককে। শুক্রবার হাড়োয়ার গোপালপুর ১ নম্বর পঞ্চায়েতের রামচাকি এলাকায় এই ঘটনা ঘটে।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার সকালে হাড়োয়ায় একটি স্কুলে পরিবেশ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিধায়ক আব্দুল মাতিন। অভিযোগ, বিধায়কের গাড়ি স্কুলের কাছে পৌঁছাতেই স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীরা বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি ও ট্রাস্টের নাম করে আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলে ‘চোর-চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান দেন। বিক্ষোভকারী চম্পা ও রীনা মণ্ডল বলেন, এলাকায় উন্নয়নের পরিবর্তে বিতর্কই বাড়িয়েছেন বিধায়ক। একটি ট্রাস্টকে ঘিরে তিনি আর্থিক অনিয়ম করেছেন। বিধায়ক হওয়ার আগে তিনি বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। তিনি যে আবার এখানে এসে ফের অশান্তি ছড়াবেন না, তার নিশ্চয়তা দেবে কে? তাই আমরা তাঁকে স্কুলে ঢুকতে দিইনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ারও অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় হাড়োয়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে নিরাপত্তার কারণে অনুষ্ঠানস্থলে না গিয়েই ফিরে যান বিধায়ক। এনিয়ে বিধায়ক আব্দুল মাতিনের বক্তব্য, তিনি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। কিছু মানুষ বিক্ষোভ দেখানোয় আইনশৃঙ্খলার কথা মাথায় রেখেই তিনি ফিরে আসেন। এনিয়ে বিজেপি নেতা ভাস্কর মণ্ডলের দাবি, এলাকার সাধারণ মানুষের ক্ষোভই এ দিনের বিক্ষোভে প্রকাশ পেয়েছে। উন্নয়ন না করে মানুষকে দিনের পর দিন ধোঁকা দিয়েছে তৃণমূল। তাছাড়া বিধায়কের বিভিন্ন মন্তব্য অত্যন্ত কুরুচিকর ও আপত্তিজনক। তাই মানুষ ক্ষোভ থেকেই এটা করেছেন।

সম্পর্কিত সংবাদ