Bartaman Logo
৯ জুন, ২০২৬

গ্রামোন্নয়ন মন্ত্রকের উপর আলোচনায় সরকার পক্ষকে বেশি সময়, প্রতিবাদ, বিরোধী সাংসদদের শান্ত করার চেষ্টা শিবরাজের

সরকার পক্ষকে কেন ঘণ্টার পর ঘণ্টা বাড়তি সময় দেওয়া হবে? আমরাও আবার একই ইস্যুতে বলতে চাই।

গ্রামোন্নয়ন মন্ত্রকের উপর আলোচনায় সরকার পক্ষকে বেশি সময়, প্রতিবাদ, বিরোধী সাংসদদের শান্ত করার চেষ্টা শিবরাজের
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: সরকার পক্ষকে কেন ঘণ্টার পর ঘণ্টা বাড়তি সময় দেওয়া হবে? আমরাও আবার একই ইস্যুতে বলতে চাই। বৃহস্পতিবার রাজ্যসভায় গ্রামোন্নয়ন মন্ত্রকের উপর আলোচনায় এমন দাবি তুলে প্রতিবাদে সোচ্চার হল বিরোধীরা। তাৎপর্যপূর্ণ বিষয়, এহেন অসন্তোষে লাগাম পরাতে কিছুটা আকস্মিকভাবেই হস্তক্ষেপ করলেন স্বয়ং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিক্ষোভ সামলাতে বেনজিরভাবে বিরোধী বেঞ্চের দিকে ছুটে যান কেন্দ্রীয় মন্ত্রী। এমনকি বিরোধী সাংসদদের শান্ত করার চেষ্টাও করেন তিনি।

Advertisement

গত মঙ্গলবার থেকে রাজ্যসভায় শুরু হয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রকের উপর আলোচনা। আলোচনার প্রথম দিনই তাতে অংশ নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ নাদিমুল হক বাংলায় এসআইআর এবং রাজ্যের বকেয়া ইস্যুতে সরব হয়েছেন। তুলেছেন মনরেগা প্রকল্পের কথাও। জানা যাচ্ছে, প্রাথমিকভাবে স্থির হয়েছিল যে, রাজ্যসভায় গ্রামোন্নয়ন মন্ত্রকের উপর আলোচনা হবে চার ঘণ্টা। সেইমতো কেন্দ্রের শাসক দল বিজেপির জন্য আলোচনায় সময় বরাদ্দ করা হয়েছিল দেড় ঘণ্টা। কিন্তু বিষয়ের গুরুত্ব বুঝে পরবর্তী ক্ষেত্রে গ্রামোন্নয়ন মন্ত্রকের উপর আলোচনার সময় অনেকটাই বৃদ্ধি করা হয়। আর এক্ষেত্রেই বিরোধীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে বৃহস্পতিবার সোচ্চার হন সাংসদদের একটি অংশ। এদিন রাজ্যসভায় সিপিএম সাংসদ জন ব্রিটাস বলেন, বরাদ্দকৃত সময়ের থেকে প্রায় তিন ঘণ্টা বেশি সময় পেয়েছে বিজেপি। বাড়তি সময়ের মধ্যে বিজেপি সাংসদরা গড়ে প্রায় ২০ মিনিট করে গ্রামোন্নয়ন মন্ত্রকের কাজকর্ম নিয়ে আলোচনা করছেন। অথচ বিরোধীদের ক্ষেত্রে অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে কাউকে পাঁচ মিনিট, কাউকে আবার তিন মিনিট।
এদিন বারবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের দৃষ্টি আকর্ষণ করতে থাকেন ব্রিটাস। চিৎকার করে বলেন, আমি বলার জন্য বেশি সময় পাইনি। আবার বলতে চাই। আমার আবেদন মঞ্জুর করা হোক। আম আদমি পার্টির (আপ) সাংসদ সঞ্জয় সিং বলেন, বিজেপিকে অনেক অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে। এটাও না হয় মেনে নিচ্ছি। কিন্তু আমাদেরও বলতে দেওয়া হোক। শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও উঠে দাঁড়িয়ে একই দাবি করতে থাকেন। রাজ্যসভায় তুমুল হট্টগোল তৈরি হয়। দেখা যায়, সভাকক্ষে উপস্থিত মার্শালকে ডেকে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এরপরেই তিনি উঠে বিরোধী বেঞ্চের দিকে যান। সামনেই বসে ছিলেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি, আপের সঞ্জয় সিং, সন্দীপ পাঠকরা। মন্ত্রীকে দেখেই আসন থেকে উঠে দাঁড়ান তাঁরা। বিরোধী এমপিদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন শিবরাজ। শান্ত হয় পরিস্থিতি। জানা যাচ্ছে, আজ, শুক্রবার অথবা সোমবার আলোচনার জবাবি ভাষণ দিতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী। 

সম্পর্কিত সংবাদ