Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পেট্রোলের গুণমান নিয়ে প্রশ্ন তুলে পাম্পে বিক্ষোভ

বৈষ্ণবনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক চন্দনা সরকারের মালিকানাধীন একটি পাম্পে খারাপ মানের পেট্রোল দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়

পেট্রোলের গুণমান নিয়ে প্রশ্ন তুলে পাম্পে বিক্ষোভ
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াচক: বৈষ্ণবনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক চন্দনা সরকারের মালিকানাধীন একটি পাম্পে খারাপ মানের পেট্রোল দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, পাম্প থেকে পেট্রোল ভরার কিছুক্ষণের মধ্যে একাধিক বাইক রাস্তায় বিকল হয়ে পড়ে। এরপর ক্ষুব্ধ গ্রাহকরা পাম্পে এসে বিক্ষোভ দেখান। খবর চাউর হতেই পাম্প চত্বরে ভিড় বাড়তে থাকে। অনেকে  ভিডিয়ো করে সমাজমাধ্যমে ক্ষোভের কথা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাম্প কর্মীরা গ্রাহকদের বোঝানোর চেষ্টা করেন।

Advertisement

পরে পাম্পের মালিক তথা প্রাক্তন বিধায়ক চন্দনা বলেন, কয়েকজন গ্রাহক অভিযোগ করেছেন। তা খতিয়ে দেখা হচ্ছে। পাম্পের পেট্রোলের গুণমান নিয়মিত পরীক্ষা করা হয়। তারপরেও ত্রুটি থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সন্ধ্যায় বৈষ্ণবনগর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বহু বাইক চালক ওই পাম্পে পেট্রোল ভরেন। অভিযোগ, পাম্প থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরই একের পর এক বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বহু চেষ্টা করেও বাইক স্টার্ট না হওয়ায় সন্দেহ তৈরি হয় গ্রাহকদের মধ্যে। এরপর কয়েকজন বাইক ঠেলে পুনরায় পাম্পে ফিরে এসে অভিযোগ জানাতে শুরু করেন।
সহজপল্লির বাসিন্দা সুমন দাসের অভিযোগ, আমি প্রতিদিন এই পাম্প থেকে পেট্রোল ভরি। বুধবারও তেল ভরে কিছুদূর যেতেই বাইক বন্ধ হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম বাইকের সমস্যা। পরে দেখি আরও অনেকের একই অবস্থা। তখনই বুঝতে পারি পেট্রোলে কিছু একটা গণ্ডগোল থাকতে পারে।
দরিয়াপুরের গণেশ মণ্ডলের দাবি, পাম্পে অভিযোগ জানাতে গেলে প্রথমে কেউ স্পষ্ট করে কিছু বলতে চাইছিল না। কর্মচারীরা কার্যত চুপ করে ছিল। এত মানুষের বাইক একসঙ্গে খারাপ হওয়া খুবই চিন্তার বিষয়। আমরা চাই পুরো বিষয়টি তদন্ত হোক।
একই সুর শোনা যায় দেওনাপুরের বাসিন্দা রেজাউল শেখের গলাতেও। তিনি বলেন, আমার বাইক একেবারে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়ে। পরে দেখি কয়েকজন বাইক ঠেলে পেট্রোল পাম্পে নিয়ে আসছেন। তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারি সবারই একই সমস্যা হয়েছে। এরপরে আমরা সকলে পেট্রোল পাম্পে গিয়ে অভিযোগ জানালেও কর্মীরা কর্ণপাত করেনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ