বিক্ষোভকারীদের জেলে রাখা হয়নি, জানাল দিল্লি পুলিশ
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ চলাকালে আটকদের কারাগারে রাকা হয়নি। এই বিক্ষোভকারীদের প্রত্যেককে দুই থেকে ছ’ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়। তাঁদের চা সহ পর্যাপ্ত জলখাবারও দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে এই সাফাই দিল দিল্লি পুলিশ। বিক্ষোভকারীদের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও আটক করা হয়। তাঁদের মধ্যে ছিলেন চারজন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হলফনামায় পুলিশের দাবি,  রাজনৈতিক নেতাদের থানার অফিসে রাখা হয়েছিল। 

Advertisement

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে আন্দোলন চলছে। ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ শিবির। অভিযোগ, বিক্ষোভকারীদের আটকাতে রাজধানীতে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশিকা লঙ্ঘন করে এই কাজ করা হয় বলে দাবি। ইতিমধ্যে শীর্ষ আদালতে এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে। তারই উত্তরে বৃহস্পতিবার পালটা হলফনামা দেয় দিল্লি পুলিশ। হলফনামায় দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার জানান, ‘আটকদের অস্থায়ী সেন্টারে রাখা হয়। গরম খাবার দেওয়ার পাশাপাশি প্রত্যেককে দুই থেকে ছ’ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়। রাজনৈতিক নেতারা ছিলেন এসএইচও’র চেম্বারে।’ যন্তর মন্তরে আন্দোলনের অনুমতি না দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন কুমার।