Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আলুর বন্ড না পেয়ে বিক্ষোভ, অবরোধ পরিস্থিতি সামলাতে হিমশিম খেল পুলিশ

আলুর বন্ড না পেয়ে তুমুল বিক্ষোভ ও অবরোধ। পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ। ঘটনার জেরে শনিবার উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর এলাকায়।

আলুর বন্ড না পেয়ে বিক্ষোভ, অবরোধ পরিস্থিতি সামলাতে হিমশিম খেল পুলিশ
  • ১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আলুর বন্ড না পেয়ে তুমুল বিক্ষোভ ও অবরোধ। পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ। ঘটনার জেরে শনিবার উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর এলাকায়। আলুর বন্ডের দাবিতে বাহাদুরে কৃষকদের বিক্ষোভের খবর পেয়েই আন্দোলনে নেমে পড়ে সংযুক্ত কিষান মোর্চা। জলপাইগুড়ির ৭৩ মোড় এলাকায় রাস্তা অবরোধ করে তারা। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে হলদিবাড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। এদিন সকাল থেকে দফায় দফায় পথ অবরোধের জেরে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। 

Advertisement

এদিন সকালে প্রথমে বাহাদুর এলাকায় জলপাইগুড়ি থেকে বাংলাদেশ সীমান্ত চাউলহাটি যাওয়ার রাস্তা অবরোধ করেন কৃষকরা। পাশাপাশি হিমঘরের গেটে বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষুব্ধ কৃষকদের একাংশ। যদিও কৃষকদের সঙ্গে মিশে গিয়ে কিছু লোক আলুর বন্ড নিয়ে ঝামেলা পাকানোর চেষ্টা করে বলে অভিযোগ। কার্যত পুলিশকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হিমঘরের ভিতরে ঢোকার চেষ্টা চালান অনেকে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। বাধ্য হয়ে হিমঘরের গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর পাঁচিল টপকে হিমঘরের ভিতরে ঢোকার চেষ্টা চালান অনেকে। পুলিশকে সামাল দিতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়। বাধ্য হয়ে ফের হিমঘরের গেট খুলে দেওয়া হয়। 
এদিকে, এদিন আলুর বন্ড ইস্যুতে ময়নাগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করে সারা ভারত ইউনাইটেড কিষান সভা। জলঢাকা সেতুর কাছে ওই অবরোধের জেরে যানজট হয়। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, কোন হিমঘরে কত বন্ড দেওয়া হবে, তা কৃষি বিপণন দপ্তরের বিষয়। পুলিশ আইনশৃঙ্খলার বিষয়টি দেখবে।
জলপাইগুড়ির সহকারী কৃষি বিপণন অধিকর্তা দেবাঞ্জন পালিতের দাবি, এখন অগ্রিম বুকিংয়ের জন্য বন্ড দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে মাথাপিছু একশো প্যাকেটের জন্য বন্ড দেওয়া হচ্ছে। পরে হিমঘরে জায়গা থাকলে ফের বন্ড ছাড়া হবে। দেবাঞ্জনের দাবি, এবছর জলপাইগুড়ি জেলায় প্রায় সাড়ে আট লক্ষ মেট্রিক টনের মতো আলু উৎপাদন হওয়ার কথা। জেলায় মোট ২৭টি হিমঘরে প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার মেট্রিক টন আলু রাখার ব্যবস্থা রয়েছে। বাকি আলু খাওয়ার জন্য লাগবে, বাইরে যাবে। কৃষকদের ভিড়ে মিশে কিছু বাইরের মানুষ ঝামেলা পাকানোর চেষ্টা করছেন বলে আমাদের আশঙ্কা। জলপাইগুড়ির বাহাদুরের ঠুটাপাকরির বাসিন্দা মামনি রায়ের অভিযোগ, আলুর বন্ডের জন্য ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। তারপরও বন্ড পাইনি। আলু চাষি মনোতোষ রায় বলেন, মাথাপিছু একশো প্যাকেট আলু হিমঘরে রাখতে বন্ড দেওয়া হচ্ছে। আমার পাঁচ গাড়ি আলু উৎপাদিত হয়েছে। বাকি আলু কী করব। 
বন্ড না পেয়ে এদিন বাহাদুরে রাস্তায় বসে পড়েন কৃষকরা। গাছের ডাল ফেলে অবরোধ করা হয় রাস্তা। আটকে পড়ে বিএসএফের গাড়ি। পরে গাড়ি থেকে নেমে রাস্তা থেকে নিজেরাই গাছের ডাল সরান জওয়ানরা। কৃষকদের তুলে দেন। এনিয়ে বিএসএফের সঙ্গে আন্দোলনকারী কৃষকদের কথা কাটাকাটি হয়। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ