Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আলুর বন্ড নিয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ ক্ষুব্ধ কৃষকদের

আজ, শনিবার সকালে আলুর বন্ড না পেয়ে রাস্তায় বসে পড়লেন কৃষকদের একাংশ। তার জেরে অবরুদ্ধ হয়ে পড়ল জলপাইগুড়ি শহর থেকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চাউলহাটিতে যাওয়ার রাস্তা।

আলুর বন্ড নিয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ ক্ষুব্ধ কৃষকদের
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আজ, শনিবার সকালে আলুর বন্ড না পেয়ে রাস্তায় বসে পড়লেন কৃষকদের একাংশ। তার জেরে অবরুদ্ধ হয়ে পড়ল জলপাইগুড়ি শহর থেকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চাউলহাটিতে যাওয়ার রাস্তা। গাছের ডাল ফেলে সড়ক অবরোধ করা হয় বলে অভিযোগ। আলুর বন্ডকে কেন্দ্র করে এদিন সকাল থেকে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর এলাকায় গোলমাল শুরু হয়। কৃষকদের অভিযোগ, ভোর থেকে লাইনে দাঁড়িয়েও তাঁরা বন্ড পাননি। এরপর সকাল ১১টা পর্যন্ত অপেক্ষা করেও বন্ড না পেয়ে ক্ষোভ উগরে দেন বহু কৃষক। হিমঘরের সামনে বিক্ষোভ দেখতে শুরু করেন তাঁরা।

Advertisement

অন্যদিকে, কৃষকদের একাংশের সড়ক অবরোধের জেরে আটকে পড়ে বিএসএফের গাড়ি। পরে গাড়ি থেকে নেমে রাস্তা থেকে নিজেরাই গাছের ডাল সরান জওয়ানরা। পাশাপাশি রাস্তায় বসা কৃষকদেরও তুলে দেন। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আন্দোলনকারীদের কথা কাটাকাটিও হয়। এরপর বিএসএফের গাড়ি চলে যেতেই ফের রাস্তায় বসে পড়েন তাঁরা। খবর পেয়ে অকুস্থলে আসে পুলিশ। কিন্তু পুলিশকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হিমঘরের ভিতরে ঢোকার চেষ্টা করতে দেখা যায় কৃষকদের একাংশকে। ফলে একপ্রকার বাধ্য হয়েই হিমঘরের গেট আটকে দেওয়া হয়। এরপরও পাঁচিল টপকে হিমঘরের ভিতরে ঢুকে পড়েন একাধিক কৃষক। পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। বন্ড নিতেও শুরু হয়ে যায় হুড়োহুড়ি। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয় একসময়। বন্ডের লাইনে প্রচুর মহিলা কৃষকও ছিলেন। বন্ড দেওয়া নিয়ে অব্যবস্থার অভিযোগে সরব হয়েছেন তাঁরাও।

এদিন আলুর বন্ড নিতে আসা এক কৃষক জানান, এবার মাথা পিছু একশো প্যাকেট আলুর জন্য বন্ড দেওয়া হচ্ছে। আর সেই নিয়েই বাড়ছে ঝামেলা। কারণ কারও যদি পাঁচ গাড়ি আলু উৎপাদন হয়ে থাকে আর তাঁকে যদি হিমঘরে একশো প্যাকেট আলু রাখার বন্ড দেওয়া হয় তাহলে সে বাকি আলু কী করবে? আলুর এমনিতেই দাম নেই। ফলে কোথায় ওই আলু বিক্রি করবেন তিনি। সেই কারণে বেশি বন্ড পেতে প্রত্যেকেই সঙ্গে করে লোকজন নিয়ে আসছেন। যার কারণেই গোলমাল বাড়ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ