Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ হিঙ্গলগঞ্জে

এক তৃণমূল নেতার গ্রেপ্তারির দাবিতে তাঁর বাড়ির সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁশতলি এলাকায়।

তৃণমূল নেতাকে গ্রেপ্তারের  দাবিতে বিক্ষোভ হিঙ্গলগঞ্জে
  • ১৯ জুন, ২০২৬ ০০:৩০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: এক তৃণমূল নেতার গ্রেপ্তারির দাবিতে তাঁর বাড়ির সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁশতলি এলাকায়। অভিযোগ, তৃণমূল নেতা অসীম রাউত দীর্ঘদিন ধরে এলাকার একাধিক বাসিন্দাকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি তুলেছেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর একাধিক বিজেপি কর্মী, সমর্থককে মারধর করেছেন। তাঁদের ঘরবাড়িও ভাঙচুর করেছেন। অনেককে এলাকাছাড়াও করেছেন। অসীমবাবু বিজেপি কর্মী, সমর্থকদের জমি এবং মাছের ভেরিও দখল করে নিয়েছেন। এদিন এলাকাবাসীরা জড়ো হয়ে ওই তৃণমূল নেতার বাড়ির সামনে যান এবং তাঁকে বাড়িতে না পেয়ে বাড়ির সামনে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

Advertisement

এক বিক্ষোভকারী অর্চনা দাস বলেন, এলাকায় ভয় ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিলেন তৃণমূল নেতা অসীম রাউত। সাধারণ মানুষকে মারধর ও অত্যাচার করতেন। বহু মানুষকে ২০২১ সালে ঘরছাড়া করেছিলেন। বহু মানুষকে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছেন। আমরা চাই প্রশাসন তাঁকে গ্রেপ্তার করে কঠিন শাস্তি দিক।
বাসিন্দাদের অভিযোগ নিয়ে ওই তৃণমূল নেতার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তা করা যায়নি। এই বিষয়ে বিজেপির বসিরহাট জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, বহুদিন ধরে অত্যাচার সহ্য করার পর এলাকার বাসিন্দারা খেপে গিয়ে প্রতিবাদ শুরু করেছেন। তবে বিজেপির তরফ থেকে আমরা সকলকে অনুরোধ করেছি, আইন হাতে তুলে না নিতে। কোনো অভিযোগ থাকলে প্রশাসনের কাছে লিখিতভাবে তা জানাতে। প্রশাসনই উপযুক্ত ব্যবস্থা নেবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ