বার কাউন্সিলের চেয়ারম্যানের ইস্তফার দাবিতে বিক্ষোভ দিল্লিতে, নালসার বিতর্কের জের
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বার কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান মনন মিশ্রার পদত্যাগের দাবিতে এবার দিল্লিতে বিক্ষোভ দেখালেন আইনজীবীদের একাংশ। সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিল নালসারের (ন্যাশনাল স্কুল অব ল ইউনিভার্সিটি) পড়ুয়ারা। তারপরই বিসিআইয়ের (বার কাউন্সিল অব ইন্ডিয়া) পক্ষ থেকে জানানো হয়, নালসারের বর্তমান স্নাতক ব্যাচের পড়ুয়াদের কাউকেই আইনজীবী হিসাবে নথিভুক্ত করা যাবে না। পরে সেই নির্দেশিকা প্রত্যাহার করা হলেও, বার কাউন্সিলের চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন আইনজীবীরা। এদিন বার কাউন্সিল অব ইন্ডিয়ার বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। সেখানে মনন মিশ্রার পদত্যাগের দাবিও করা হয়। আন্দোলনকারী আইনজীবীদের সমর্থন জানিয়েছিল ককরোচ জনতা পার্টিও। এক বিক্ষোভকারী বলেন, ‘চেয়ারম্যান গত ১৪ বছর ধরে পদ আঁকড়ে পরে রয়েছেন। উনি আইনজীবীদের জন্য কী করেছেন? সম্প্রতি হায়দরাবাদে এক প্রবীণ আইনজীবীর মৃত্যু হয়েছে। উনি কোনো বিবৃতি জারি করেছেন কি? আইনজীবীদের উন্নতির বিষয়ে উনি চুপ, কিন্তু রাজনৈতিক এজেন্ডা চরিতার্থ করার সময় সরব!’

Advertisement