Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

বকেয়া ভাতা, বোনাসের দাবিতে উলুবেড়িয়া পুরসভায় বিক্ষোভ

পুজোর আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়াল উলুবেড়িয়া পুরসভায়।

বকেয়া ভাতা, বোনাসের দাবিতে উলুবেড়িয়া পুরসভায় বিক্ষোভ
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পুজোর আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়াল উলুবেড়িয়া পুরসভায়। বিক্ষোভ চলেছে সন্ধ্যা পর্যন্ত। পরিস্থিতি সামলাতে পুরসভায় আসতে হয়েছে উলুবেড়িয়া থানার পুলিশকে। জানা গিয়েছে, পুরসভার অধীনে থাকা আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা ভাতা পাচ্ছেন না। কারও বকেয়া এক মাস, আবার কারও বকেয়া তিন মাস। এমনকি, তাঁদের ইনসেনটিভও দেওয়া হয়নি। ফলে চরম সমস্যার মুখে পড়েছে তাঁদের পরিবার। এদিন বকেয়া প্রদানের দাবিতে আশাকর্মী ও মহিলা স্বাস্থ্যকর্মীরা পুরসভায় বিক্ষোভ দেখানোর সময় পুরকর্মীদের একাংশ বোনাসের দাবি তুলে শামিল হন ওই আন্দোলনে। তাঁরা আধিকারিকদের একটি ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। অথচ এখনও আমাদের বকেয়া প্রদান করা হয়নি। ভাতার কথা জিজ্ঞাসা করলে কর্তৃপক্ষ কখনও বলছে, পেমেন্ট দেওয়া হবে, আবার কখনও বলা হচ্ছে, পুরসভার তহবিলে টাকা নেই। টাকা এলে দেওয়া হবে। পুজোর আগে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাঁদের অভিযোগ, পুরসভার নিয়ম অনুযায়ী ডিউটি করলেও ভাতা দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয় না। অবিলম্বে দ্রুত বকেয়া মেটানোর দাবি জানান বিক্ষোভকারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুরকর্মী বলেন, প্রতিবার পুজো বোনাস দেওয়া হলেও এবার কর্তৃপক্ষ তহবিলে টাকা না থাকার অজুহাত দিচ্ছে। এক আধিকারিক বলেন, দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা চলছে। একটু দেরি হচ্ছে ঠিকই, তবে সবাই বকেয়া টাকা পেয়ে যাবেন।   নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ