নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: জব কার্ড ফেরতের দাবিতে তৃণমূল নেতা প্রকাশ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মাটিয়ার খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে। বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই মাস থেকে ১০০ দিনের কাজ শুরু হবে। তাই দীর্ঘদিন ধরে আমরা জব কার্ড ফেরত চেয়ে আসছি। কিন্তু এখনও হাতে পাইনি। উনি কার্ড রাখার পাশাপাশি ১০০ দিনের কাজের টাকাও আত্মসাৎ করেছেন। বিজেপি নেতা অমিত মণ্ডলেরও অভিযোগ, বহু মানুষের জব কার্ড প্রকাশ রায়ের কাছে রয়েছে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই তৃণমূল নেতা। তাঁর দাবি, আগামী মাসের শুরুতেই নতুন জব কার্ড আসার কথা রয়েছে। সেই কার্ড উপভোক্তাদের মধ্যে বিলি করা হবে। তিনি আরও বলেন, আমার ছেলে হরিয়ানায় দুর্ঘটনার শিকার হওয়ায় কিছুদিন রাজ্যের বাইরে থাকতে হয়েছিল। তখন অফিসে রাখা কার্ডগুলি বৃষ্টির জল এবং উইপোকার আক্রমণে নষ্ট হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার হাসনাবাদ পঞ্চায়েতে খাঁপুকুর গ্রামে গৌতম বৈদ্য নামে ১০০ দিনের কাজের এক সুপারভাইজারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জব কার্ড আটকে রেখে টাকা আত্মসাৎ করেছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। হাসনাবাদ থানার পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।



