Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কামারহাটি পুরসভায় বিক্ষোভ

কামারহাটি পুরসভায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাদা নতুন চেয়ারম্যান হওয়ার পর তৃণমূল-বিজেপির গোপন সমীকরণের জল্পনা ভাসছে রাজনৈতিক মহলে।

কামারহাটি পুরসভায় বিক্ষোভ
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: কামারহাটি পুরসভায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাদা নতুন চেয়ারম্যান হওয়ার পর তৃণমূল-বিজেপির গোপন সমীকরণের জল্পনা ভাসছে রাজনৈতিক মহলে। যদিও তা নস্যাৎ করতে প্রকাশ্যে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই আবহে বৃহস্পতিবার কামারহাটি পুরসভার সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। কর্মীদের বেতন বকেয়া, নাগরিক পরিষেবায় গাফিলতি, স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে স্মারকলিপি জমা দেওয়া হয়। এই কর্মসূচিতে বিজেপির রাজ্য সহ-সভাপতি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ওরফে রাজু, উত্তর শহরতলি জেলা সভাপতি চণ্ডীচরণ রায়, দলের নেতা অরূপ চৌধুরি সহ মণ্ডল সভাপতিরা হাজির ছিলেন। অনিন্দ্যবাবু বলেন, কর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। নাগরিক পরিষেবাও ব্যাহত হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতেই নতুন চেয়ারম্যান বসিয়ে বিজেপির নাম জড়ানোর চেষ্টা হচ্ছে। তৃণমূলের নতুন বোর্ডের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। সমস্ত অভিযোগ উড়িয়ে নব নির্বাচিত চেয়ারম্যান সুশান্ত চট্টোপাধ্যায় বলেন, আগের চেয়ারম্যান পদত্যাগের পর প্রশাসনিক অচলাবস্থা কাটাতে আইন মেনেই বোর্ড গঠন করা হয়েছে। নাগরিক পরিষেবা সচল রাখতে সমস্ত পদক্ষেপ করা হচ্ছে। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে চেয়ারম্যান হয়েছি, কোনও নেতা-নেত্রীর দাদা হিসাবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ