Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নিম্নমানের খাদ্যের অভিযোগে আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ

বরাবাজারের আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের শিশু খাদ্যের অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত পড়ুন।

নিম্নমানের খাদ্যের অভিযোগে আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানবাজার: নিম্নমানের শিশু খাদ্য বিতরণ এবং নির্ধারিত পরিমাণের তুলনায় কম ডিম দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে পুরুলিয়ার বরাবাজার ব্লকের ঝরিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ঘটনায় শোরগোল ছড়ায়। অভিযোগে সরব হয়ে উত্তেজিত গ্রামবাসীরা ওই কেন্দ্রের আইসিডিএস কর্মী ও সহায়িকাকে দীর্ঘক্ষণ তালাবন্দি করে রাখেন। পরে পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঝরিয়া আইসিডিএস কেন্দ্রে শিশুদের খাবারের মান নিয়ে ক্ষোভপ্রকাশ করেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শিশুদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। পাশাপাশি উপভোক্তাদের প্রাপ্য ডিমও সঠিক পরিমাণে দেওয়া হচ্ছে না। এই অভিযোগকে কেন্দ্র করে গ্রামবাসীরা ওই কেন্দ্রে বিক্ষোভ শুরু করেন এবং কর্মী ও সহায়িকাকে আটকে রাখেন। খবর পেয়ে বরাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেইসঙ্গে তালাবন্দি কর্মী ও সহায়িকাকে উদ্ধার করে পুলিশ।
শুধু শিশু খাদ্য নয়, গ্রামবাসীদের আরও অভিযোগ, অন্নপূর্ণা যোজনার সমীক্ষার জন্য ওই কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেটাও সঠিকভাবে করা হয়নি। তাঁদের দাবি, প্রকৃত প্রাপকদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। যার ফলে অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। এই অভিযোগে গ্রামের বহু মহিলা এদিন প্রতিবাদে শামিল হন। 
অন্যদিকে, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মী কবিতা মাহাতো  অভিযোগ অস্বীকার করে জানান, বিডিও অফিস থেকে তাঁর কাছে ৪০ জনের একটি তালিকা পাঠানো হয়েছিল। সেই তালিকা অনুযায়ী তিনি বাড়ি, বাড়ি গিয়ে সমীক্ষা করে প্রকৃত তথ্য যাচাই করে রিপোর্ট জমা দেন। অন্যদিকে নিম্নমানের খাদ্য সমগ্রী প্রসঙ্গে তাঁর দাবি,  গ্রামবাসীরা নিজেদের ইচ্ছামতো বলছেন। তবে খাবারের জন্য যেটুকু পরিমাণ বরাদ্দ আছে সবকিছুই ঠিকভাবে দেওয়া হয়। বরাবাজার ব্লকের সিডিপিও বিনীতা চট্টোপাধ্যায় জানান, যেটুকু জেনেছি অন্নপূর্ণা যোজনা  নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। তবে আইসিডিএসের খাবারের মান নিয়ে গ্রামবাসীদের কোনো অভিযোগ থাকলে সেগুলি খতিয়ে দেখা হবে।  নিম্নমানের খাবার সামনে রেখে বিক্ষোভ। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ