সংবাদদাতা, কাঁথি: চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগে মঙ্গলবার দীঘায় একটি নার্সিংহোমে বিক্ষোভ দেখালেন পরিবারের লোকজন ও আত্মীয়রা। ভুল চিকিৎসা হয়েছে বলে তাঁরা অভিযোগ তোলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন উত্তপ্ত হয়ে ওঠে নিউ দীঘা এলাকা। উত্তেজনার খবর পেয়ে দীঘা থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার প্রসবযন্ত্রণা নিয়ে রামনগর থানার আড়িয়া পদ্মপুর গ্রামের সালেমা বিবি দীঘার ওই নার্সিংহোমে ভর্তি হন। সোমবার বিকেলে সিজারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন ওই প্রসূতি। পরিবারের অভিযোগ, একবার অস্ত্রোপচার করার পর ফের চিকিৎসক পরিবারের লোকজনকে না জানিয়ে অস্ত্রোপচার করে। এরপর থেকেই ওই প্রসূতির অবস্থার অবনতি হয়। পরে নার্সিংহোমের তরফ থেকে তড়িঘড়ি কাঁথির একটি নার্সিংহোমে রেফার করা হয়। অভিযোগ, রেফার করার আগে পরিবারের লোকের সঙ্গে সেভাবে কোনও আলোচনা করা হয়নি। শেষ পর্যন্ত সোমবার রাতে কাঁথির ওই নার্সিংহোমে মৃত্যু হয় ওই প্রসূতির। এরপরই দীঘার ওই নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ দেখান রোগীর বাড়ির লোকজন ও আত্মীয়-পরিজনরা।



