সংবাদদাতা, বসিরহাট: দুর্নীতির অভিযোগে মঙ্গলবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকরা বিক্ষোভ দেখালেন। বসিরহাটের ন্যাজাট থানার সড়বেড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এদিন প্রায় তিন ঘণ্টা ধরে বিক্ষোভ চলে প্রধান শিক্ষক উজির আলির বিরুদ্ধে। বিক্ষোভ চলাকালীন প্রধান শিক্ষককে ঘিরে চোর চোর স্লোগানও দেন ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। অভিভাবকদের অভিযোগ, সরকারি নির্ধারিত ভর্তি ফির বাইরে পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। সেই অতিরিক্ত টাকা বিদ্যালয়ের হিসাবের খাতায় জমা না দিয়ে আত্মসাৎ করা হচ্ছে বলেও অভিযোগ তাঁদের। পাশাপাশি মিড ডে মিল নিয়েও দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে বলে দাবি অভিভাবকদের। তাঁদের অভিযোগ, পড়ুয়াদের নির্ধারিত খাবার না দিয়ে অনেক সময় শুধুমাত্র ভাত ও আলুর ঝোল দেওয়া হয়। অভিভাবকদের আরও অভিযোগ তৃণমূলের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে অনিয়ম চালিয়ে আসছেন প্রধান শিক্ষক উজির আলি। বিক্ষোভকারী অভিভাবক বিশ্বজিৎ মণ্ডল, রাজু দাসদের দাবি, অবিলম্বে বিদ্যালয়কে দুর্নীতিমুক্ত করতে হবে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক উজির আলি।



