Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সাংসদ সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিম, দেওয়া হল চোর স্লোগান

সাংসদ সৌগত রায় থানায় এসেছিলেন অভিযোগ জানাতে। আর বেরোতেই ধেয়ে এল ডিম। পালাবদলের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী থেকে কর্মীরা।

সাংসদ সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিম, দেওয়া হল চোর স্লোগান
  • ২৮ মে, ২০২৬ ১৬:৫৫

কলকাতা, ২৮ মে: সাংসদ সৌগত রায় থানায় এসেছিলেন অভিযোগ জানাতে। আর বেরোতেই ধেয়ে এল ডিম। পালাবদলের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী থেকে কর্মীরা। এবার সেই তালিকায় নতুন সংযোজন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। ভোট পরবর্তী সময়ে তার কেন্দ্রে কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন এই অভিযোগে নিমতা থানায় স্মারকলিপি দিতে যান সাংসদ নিজে। আর সাংসদ এসেছেন খবর ছড়াতেই ভীড় বাড়তে থাকে থানার বাইরে। সেখান থেকে বেরোনোর পরই বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, সেই সময় তাঁকে ঘিরে ‘চোর-চোর’ বলে স্লোগান দেওয়া শুরু হয়। ভিড়ের মধ্যে থেকে সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়ারও অভিযোগ ওঠে। যদিও সেই ডিম সাংসদের গায়ে লাগেনি।  ডিম গিয়ে লাগে তার গাড়িতে।  

Advertisement

পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সৌগত রায় দাবি করেন, এই প্রতিবাদ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার অভিযোগ এই বিক্ষোভের পেছনে বিজেপি কর্মীরা জড়িত। তিনি বলেন,‘আমি যখন থানা থেকে বের হচ্ছিলাম, তখন বিজেপি সমর্থকরা সেখানে জড়ো হয়ে অশান্তির সৃষ্টি করে। তারা স্লোগান দেয় এবং আমার গাড়িতে ডিম ছোড়ে। এই ধরণের রাজনীতি দুর্ভাগ্যজনক। বুধবার পাঁচ জন তৃণমূল কাউন্সিলারের বাড়িতে হামলা হয়েছে। আমরা তাই নিয়ে অভিযোগ করতে গিয়েছিলাম থানায়।’

সম্পর্কিত সংবাদ