Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

দলে সুন্দরী তরুণীদের আনতে হবে, ছাঁটাই হবেন পুরনোরা! বিজেপির কাটোয়া নগর সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ

শিক্ষিত সুন্দরী যুবতীদের দলে আনতে হবে। তা না পারলে দলের পুরানো মহিলা কর্মীদের ছাঁটাই করে দেওয়া হবে। কাটোয়ার বিজেপির নগর সভাপতি সুমন দেবনাথের বিরুদ্ধে এমনই নিদান দেওয়ার অভিযোগ তুলছেন বিজেপির মহিলা কর্মীরা।

দলে সুন্দরী তরুণীদের আনতে হবে, ছাঁটাই হবেন পুরনোরা!  বিজেপির কাটোয়া নগর সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: শিক্ষিত সুন্দরী যুবতীদের দলে আনতে হবে। তা না পারলে দলের পুরানো মহিলা কর্মীদের ছাঁটাই করে দেওয়া হবে। কাটোয়ার বিজেপির নগর সভাপতি সুমন দেবনাথের বিরুদ্ধে এমনই নিদান দেওয়ার অভিযোগ তুলছেন বিজেপির মহিলা কর্মীরা। এমনই অভিযোগ তুলে রবিবার রাতে বিজেপির নগর পার্টি অফিস ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখান মহিলা কর্মীরা। তাঁরা সুমনের পদত্যাগের দাবি তোলেন। যদিও অভিযোগ মিথ্যা, তাঁকে কলুষিত করতে দলেরই একাংশ এসব করছে বলে জানিয়েছেন সুমন।   

Advertisement

বিজেপি ক্ষমতায় আসার পরই দলে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। এর আগেও কাটোয়ায় একাধিকবার বিক্ষোভ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি চলছে। ওইদিন রাতে কাটোয়া শহরে বিজেপির নগর পার্টি অফিসে মহিলা কর্মীরা জড়ো হন। তাঁরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। মহিলা কর্মীদের দাবি, ভোটে জেতার পর নগর সভাপতি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। মহিলাদের নিয়ে চরম অসম্মানজনক আচরণ করছেন। দলের পুরানো মহিলা কর্মীদের পরিবর্তে সুন্দরী যুবতীদের আনতে কার্যত ফরমান জারি করা হচ্ছে বলে অভিযোগ। দলীয় কর্মসূচিতে পুরানো মহিলা কর্মীদের যথাযথ সম্মান না দিয়ে সম্প্রতি দলে যোগ দেওয়া মহিলাদের কর্মীদের গুরুত্ব দেওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা। বিক্ষোভকারী মহিলা সুকন্যা দত্ত ও সাধনা মণ্ডল বলেন, আমাদের পার্টি অফিসে বসিয়ে চরম অপমানিত করা হচ্ছে। পার্টি থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে। অথচ আমরা কোনো অপরাধ করিনি। মোদিজিকে দেখে দল করছি। ভোটের আগে সুমন দলেরই প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। যাতে আমাদের প্রার্থী হেরে যান সেই চেষ্টা করেছিলেন। এখন তিনি বড় বিজেপি সাজার চেষ্টা করছেন। অবিলম্বে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক।  
প্রসঙ্গত, সুমনের বিরুদ্ধে কয়েকদিন আগেই কাটোয়ার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক মুহুরীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ উঠেছিল। সুমন ছাড়াও বিজেপির চার নেতা অভিযুক্তের তালিকায় রয়েছেন। সেই অভিযোগের রেশ কাটতে না কাটতেই ফের নগর সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে সরব হলেন দলেরই একাংশ। এতে বিড়ম্বনা বাড়ছে দলের। বারবার গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসায় দলের মুখ পুড়ছে বলেই মত রাজনৈতিক মহলের।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুমন। তিনি বলেন, কোনো অভিযোগ থাকলে দলের কোর কমিটি এবং উচ্চ নেতৃত্বকে জানাতে হয়। আমাকে হেনস্তা করে বিষয়টি প্রচারে আনা ছাড়া কিছুই হচ্ছে না। এভাবে আমাকে ভয় দেখানো বা চমকানো যাবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ