নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গেস্ট হাউসে দেহ ব্যবসা চালানোর অভিযোগে সল্টলেক সুকান্তনগর থেকে দু’জনকে গ্রেপ্তার করল বিধাননগর কমিশনারেট। বৃহস্পতিবার রাতে কমিশনারেটের গোয়েন্দা শাখা এবং দক্ষিণ থানার পুলিশ যৌথ অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, সেখানে এক নাবালিকাকেও পাওয়া গিয়েছে! ধৃতদের নাম সায়ন দে ও অনিন্দ্য দে। তাঁদের বাড়ি সুকান্তনগরেই। সায়ন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। ধৃতদের বিরুদ্ধে দেহ ব্যবসার জন্য শিশু কেনা-বেচা, পতিতালয় পরিচালনা, অনৈতিক পাচার (প্রতিরোধ) আইন, জুভেনাইল জাস্টিস আইন এবং পকসো অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সায়ন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। ২০২১ সালের নির্বাচনে বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছিল ও বাড়ি ভাঙচুর করেছিল। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরও হয়েছিল। তা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। সুকান্তনগরের একটি গেস্ট হাউস নিয়ে এলাকার মানুষের দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। তাঁদের কথায়, এর আগেও এই গেস্ট হাউসে নানা ধরনের অনৈতিক কাজকর্ম নিয়ে এলাকার মানুষ সরব হয়েছিল। কিন্তু সেই সময় আমল দেওয়া হয়নি। ফলে চক্রে অভিযুক্ত সদস্যরা রেহাই পেয়ে গিয়েছিলেন। ৩১ জুলাই এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তারপর তদন্তে নামে পুলিশ।



