নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস অর্থাৎ ডিলিমিটেশনের নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০০ ছোঁবে। সেই মতো ডিলিমিটেশনের প্রস্তাবিত খসড়া তৈরির কাজ চলে। ইতিমধ্যে সেই খসড়া পুর ও নগরোন্নয়ন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসন সূত্রে খবর, সেই খসড়া নিয়ে কাটাছেঁড়া চলছে। শেষ পর্যন্ত ওয়ার্ড সংখ্যা ২০৯ হতে পারে বলে খবর। সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সংখ্যক ওয়ার্ড তৈরির বিষয়েই আলোচনা হয়েছে বলে খবর। যদিও এ সংক্রান্ত নির্দেশিকা এখনও জারি হয়নি।
অন্যদিকে, ৩১ জুলাই খসড়া প্রকাশ করার দিনক্ষণ ঠিক থাকলেও আরও কিছু দিক খতিয়ে দেখার পর গত ৪ জুলাই প্রস্তাবিত খসড়া পুর ও নগরোন্নয়ন দপ্তরে পাঠায় পুরসভা। কিন্তু সেই খসড়া এখনও পর্যন্ত প্রকাশ করেনি দপ্তর। এখন জানা যাচ্ছে, ওয়ার্ড সংখ্যা ভিত্তিক ডিলিমিটেশনের খসড়া প্রকাশ করা হবে না। তার পরিবর্তে আপাতত শহরের বিভিন্ন ওয়ার্ডের সীমানাভিত্তিক পুনর্বিন্যাসের একটি ম্যাপ প্রকাশ করা হবে। এর ভিত্তিতে নাগরিক মহল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নেওয়া হবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? আধিকারিকদের একাংশ জানাচ্ছে, খসড়া প্রকাশ করতে গেলে কিছু আইনি জটিলতা তৈরি হতে পারে। তাছাড়া, পূর্বনির্ধারিত ২০০টি ওয়ার্ডের পরিবর্তে ২০৯টি ওয়ার্ড করার বিষয়ে আলোচনাও চলছে। তবে সেই সংখ্যাও পরিবর্তন হতে পারে। এই কারণেই ওয়ার্ড সংখ্যা ভিত্তিক পুনর্বিন্যাসের খসড়া আপাতত প্রকাশ করা হচ্ছে না।