Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণের প্রস্তাব

যার ভাষ্য ও স্তোত্রপাঠে মহিষাসুরমর্দিনী বেতার সঙ্গীত আলেখ্য আজও সবার গায়ে কাঁটা দেয়, মঙ্গলবার ছিল সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণের প্রস্তাব
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যার ভাষ্য ও স্তোত্রপাঠে মহিষাসুরমর্দিনী বেতার সঙ্গীত আলেখ্য আজও সবার গায়ে কাঁটা দেয়, মঙ্গলবার ছিল সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন। সে উপলক্ষ্যে উত্তর কলকাতার রামধন মিত্র লেনে তাঁর বাড়ির সামনে আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে বীরেন্দ্রবাবুর পরিবার ও একটি সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব আসে, শ্যামবাজার মেট্রো স্টেশনটি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে করার। পাশাপাশি প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের বাড়িটি হেরিটেজ ঘোষণা করা ও আকাশবাণীর কাছে একটি আবক্ষ মূর্তি স্থাপন করার প্রস্তাব দেওয়া হয়। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রী তাঁদের জানান, তিনটি দাবি সম্পর্কে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করবেন। মন্ত্রী বলেন, ‘বীরেন্দ্রবাবুর বাড়ি ও আকাশবাণীকে ঘিরে রয়েছে সকলের বাড়তি আবেগ। তাই এই প্রস্তাব কার্যকর করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে সমস্ত বিষয়টিই জানাব।’ 

Advertisement

অন্যদিকে বীরেন্দ্রকৃষ্ণের জন্মদিন ঘিরে উত্তর কলকাতার শ্যাম স্কোয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করে একটি সংস্থা। সেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবনের নানাদিক নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। সংগঠনের সম্পাদক দেবোপম দাস জানান, এই উপলক্ষ্যে এই প্রাচীন পার্কে রোপণ করা হয় আমগাছের চারা। বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রের নামে তা উৎসর্গ করা হয়। শ্যামপুকুর মুক্ত উদ্যান গ্রন্থাগারের তরফে সত্যরঞ্জন দলুই এদিন সাংবাদিকেদের বলেন, ‘এই মহান ব্যক্তির যাবতীয় সৃষ্টি ও কর্মকাণ্ডের কথা যাতে আরও বেশি করে জানতে পারা যায় তার জন্য তাঁর ছবি এই গ্রন্থাগারে লাগানো হবে মহালয়ার আগে। তাঁর হাতের লেখা পাণ্ডুলিপির ফটোগ্রাফ পেতে তাঁর পরিবারের সঙ্গে কথা বলব। ফটোগ্রাফ পাওয়া গেলে তা এই গ্রন্থাগারে রাখব। যাতে বিভিন্ন মানুষ দেখার সুযোগ পায়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ