নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলের ভরতি ফি’য়ের মধ্যে সমন্বয় আনার কথা ভাবছে বিকাশ ভবন। সূত্রের খবর, রাজ্যে এ ধরনের স্কুলগুলিতে একই পরিমাণ ফি কাঠামো চালু করতে চায় সরকার। শিক্ষার অধিকার আইন অনুযায়ী, সরকারি অনুদানে চলা স্কুলগুলিতে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো ফি নেওয়া যায় না ছাত্রছাত্রীদের থেকে। রাজ্য সরকার বিশেষ অনুমতিতে ২৪০ টাকা ফি নিয়ে থাকে। তবে, খরচ সামলানোর জন্য নবম শ্রেণি থেকে ফি’য়ের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেয় স্কুলগুলি। অনেক স্কুলে সেই ফি’য়ের পরিমাণ মাত্রাছাড়া হয় বলেও অভিযোগ ওঠে। বিশেষ করে, একাদশ শ্রেণিতে ভরতির ফি অনেক সময়েই দরিদ্র পরিবারের পক্ষে বহন করা কঠিন হয়ে যায়। দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, এখনো পর্যন্ত কত টাকা ফি নির্ধারণ করা হবে তা ঠিক করা হয়নি। স্কুলের কম্পোজিট গ্রান্ট নিয়মিত হচ্ছে। তাই ফি নিয়ন্ত্রণের মধ্যে রাখাই যুক্তিসঙ্গত।



