Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ার আনন্দময়ী কালীবাড়ি সহ গঙ্গার তিনটি ঘাটে সৌন্দর্যায়নের প্রস্তাব

উলুবেড়িয়ার আনন্দময়ী কালীবাড়ি সহ গঙ্গার তিনটি ঘাটে সৌন্দর্যায়নের প্রস্তাব
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। নদীর পাশেই আছে উলুবেড়িয়া শহরের শতাব্দীপ্রাচীন আনন্দময়ী কালীবাড়ি। প্রতিদিন হাওড়াসহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসেন এখানে। গঙ্গায় পুণ্যস্নান সেরে মা আনন্দময়ীর কাছে পুজো দিয়ে বাড়ি ফেরেন। এই প্রাচীন ঐতিহ্যকে বিশ্বমানের রূপ দিতে এবার রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালকে প্রস্তাব দিলেন বিজেপি নেতা প্রত্যুষ মণ্ডল। সেই সঙ্গে চেঙ্গাইলের ল্যাডলো ঘাট এবং কালীনগর কালীবাড়ি ঘাটের সৌন্দর্যায়নের প্রস্তাবও দেওয়া হয়েছে। ঘাটগুলির আমূল সংস্কার, আধুনিক আলো ও সৌন্দর্যায়ন, পুণ্যার্থীদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার পাশাপাশি গঙ্গার দূষণ রোধের প্রস্তাব দিয়েছেন প্রত্যুষবাবু। এর পাশাপাশি জনসাধারণের জন্য স্বাস্থ্যকর শৌচাগার ব্লক নির্মাণ, ঘাটগুলিতে নোংরা বা নর্দমার জল অপরিশোধিত অবস্থায় নদীতে না ফেলা নিশ্চিত করার প্রস্তাবও দেওয়া হয়েছে। সেই সঙ্গে কালীবাড়ি ঘাটের ঐতিহ্য এবং সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে হেরিটেজ মার্কার, তথ্যসহ ফলক এবং নান্দনিক ডিসপ্লে বোর্ড স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রত্যুষবাবু বলেন, ‘উলুবেড়িয়ার একজন নাগরিক হিসাবে আমি মন্ত্রীর কাছে এই আবেদন রেখেছি। উনি গুরুত্ব সহকারে আমার আবেদন গ্রহণ করেছেন। তিনি নিজে শীঘ্রই ঘাটগুলি পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে কেএমডিএর মাধ্যমে দ্রুত কাজ শুরু করার জন্য সবরকম প্রশাসনিক সহযোগিতা করার কথা জানিয়েছেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ