সংবাদদাতা, কাকদ্বীপ: দুর্গাপুজোর আগে জাতীয় সড়কের দু’ধার পরিষ্কার রাখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। ইতিমধ্যে মাইকিং করে এলাকাবাসীর উদ্দেশে সেই বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ১১৭ নম্বর জাতীয় সড়কের দুই ধারে পড়ে রয়েছে বিভিন্ন ইমারতি সামগ্রী। বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও, সেগুলি সরিয়ে নেওয়া হচ্ছে না।
সামনেই দুর্গাপুজো। তাই এবার জাতীয় সড়কের দু’ধার থেকে সেই ইমারতি সামগ্রী সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দিল প্রশাসন। বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নামখানা ব্লকে মাইকিং করা হয়। এলাকাবাসীদের উদ্দেশে জানিয়ে দেওয়া হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নামখানা থেকে বকখালি পর্যন্ত জাতীয় সড়কের দুই ধারে রাখা ইট, বালি, স্টোনচিপ, কাঠ ও বাঁশ সহ বিভিন্ন সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য। যদি এই নির্দেশ অমান্য করা হয়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সেই সকল সামগ্রী সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
স্থানীয় বাসিন্দা জয়ন্ত জানা বলেন, ‘প্রায় সময় জাতীয় সড়কের পাশে ইমারতি সামগ্রী রাখতে দেখা যায়। যে কারণে প্রায়ই ছোটোখাটো দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু তাতেও কারও টনক নড়ে না। সরিয়ে দেওয়ার পরও ফের রাখা হয়। পুলিশ প্রশাসন কড়া হাতে পদক্ষেপ গ্রহণ করলে, তবেই এই সমস্যার সমাধান হবে।’