Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কলেজের সামনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় জখম অধ্যাপিকা, চাঞ্চল্য

অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর জখম হলেন শীতলকুচি কলেজের এক অধ্যাপিকা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শীতলকুচি কলেজের সামনে

কলেজের সামনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় জখম অধ্যাপিকা, চাঞ্চল্য
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শীতলকুচি: অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর জখম হলেন শীতলকুচি কলেজের এক অধ্যাপিকা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শীতলকুচি কলেজের সামনে। জখম ফিজিক্যাল এডুকেশনের অধ্যাপিকা শোভা বর্মন বর্তমানে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, ঘটনার পরই কলেজের সামনে শীতলকুচি-সিতাই রাজ্যসড়কে স্পিড ব্রেকার বসানোর দাবি তুলেছেন পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারা। 

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, এদিন একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় কলেজের গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। সেই সময় বাস থেকে নেমে কলেজের দিকে যাচ্ছিলেন ওই অধ্যাপিকা। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি কলেজের দেওয়ালে ধাক্কা মারে। স্থানীয়রা শিক্ষিকাকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসক। 
স্থানীয়দের অভিযোগ, শীতলকুচি-সিতাই রাজ্যসড়কের পাশেই কলেজ। দ্রুতগতির যানবাহনের যাতায়াত থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। কলেজের সামনে অবিলম্বে স্পিড ব্রেকার বসানোর দাবি তুলেছেন পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, প্রতিদিন বহু ছাত্রছাত্রী কলেজে আসে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।  
এ প্রসঙ্গে কলেজের বাংলা বিভাগের অধ্যাপক প্রদীপকুমার রায় বলেন, কলেজের সামনে দ্রুতগতিতে গাড়ি চলাচল করে। ফলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে সবসময়ই আশঙ্কা থাকে। এদিনের দুর্ঘটনার পর পরিস্থিতি আরও স্পষ্ট হয়েছে। তাই কলেজের সামনে দ্রুত স্পিড ব্রেকার বসানো ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো বলেন, অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্পিড ব্রেকার বসানোর বিষয়টিও দেখা হবে।  • নিজস্ব চিত্র।

সম্পর্কিত সংবাদ