নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছর মেদিনীপুর মেডিকেল কলেজে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহারের ফলে পাঁচ প্রসূতির মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। পরবর্তীকালে সেই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার বন্ধ করে দেয় স্বাস্থ্যদপ্তর। এমনকি, ওই স্যালাইনের উৎপাদনও বন্ধ করা হয়। অভিযোগ, বছর ঘুরতে না ঘুরতেই ফের সেই বিতর্কিত স্যালাইনের উৎপাদন ফের শুরু হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে নয়া মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আপাতত কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।
গত ৮ জানুয়ারি মেদিনীপুর মেডিক্যাল কলেজে কন্যাসন্তান প্রসব করেন কেশপুরের বাসিন্দা ২০ বছরের নাসরিন খাতুন। অভিযোগ ওঠে, নাসরিন সহ মোট ৬ জন প্রসূতিকে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়ার ফলে তাঁরা আরও অসুস্থ হয়ে পড়েন। ১০ বছরের জানুয়ারি মামনি রুইদাস নামের এক প্রসূতির মৃত্যু হয়। এরপর এসএসকেএমে চার মাস ভরতি থাকার পর মৃত্যু হয় নাসরিনের। বিষয়টি ওঠে কলকাতা হাইকোর্টে। সেই সময় রাজ্যের স্বাস্থ্যদপ্তর জানায়, ওই স্যালাইন নির্মাতা সংস্থার ইউনিট সিল করে দেওয়া হয়েছে এবং ওই স্যালাইনের ব্যবহার বন্ধ করা হয়েছে। সেই মামলা এখনও বিচারাধীন। এর মধ্যেই নয়া অভিযোগ সামনে এসেছে। মামলাকারী শান্তা মণ্ডলের অভিযোগ, ফের ওই স্যালাইনের উৎপাদন শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা। জিএসটি পোর্টালের তথ্যে তার উল্লেখ রয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট সংস্থার আইনজীবী। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে আদালত। অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্যের কাছে একযোগে রিপোর্ট তলব করেছে বেঞ্চ। ২২ সেপ্টেম্বর ফের মামলার শুনানি। ওই দিন রিপোর্ট দিতে হবে।