নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিচালন সমিতির সভাপতির পর এবার কলেজগুলিতে সরকারি প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রেও গুরুত্ব পেল রাজনৈতিক ও মতাদর্শগত পরিচয়ই। বুধবার উচ্চশিক্ষা দপ্তর ১৪০টি কলেজে ২৮০ জন সরকারি প্রতিনিধির নাম ঘোষণার পর এই দাবি করেছে ওয়াকিবহাল মহল। তাদের বক্তব্য, সরকার ফের প্রমাণ করে দিল, মুখে যা-ই বলা হোক, শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করার ক্ষেত্রে বর্তমান সরকারেরও কোনো তাগিদ নেই। বরং দলের অনুগতদের বসিয়ে যে কোনো বিরুদ্ধমত ঠেকাতে চায় তারা। তালিকায় ঠাঁই পেয়েছেন বহু স্কুলশিক্ষকও। শাসকপন্থী শিক্ষক নেতা উদয়ন বন্দ্যোপাধ্যায় রয়েছেন তালিকায়। একইভাবে আছেন বিজেপির মুখপাত্র ওফেলিয়া সিনহা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শাসকপন্থী অধ্যাপক ভাস্কর সর্দার বা শিক্ষাকর্মী নেতা পলাশ মাজি রয়েছেন। যদিও এক সদস্য বলেন, ‘মানুষ যাঁদের চেনেন, তাঁদের নিয়েই কথা হচ্ছে। তবে তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা প্রত্যেকেই হয় বিজেপির সদস্য, নয়তো কোনো শাখা সংগঠনের সদস্য অথবা রাষ্ট্রবাদী হিসাবে পরিচিত। এতে কোনো আপত্তি ওঠার কথা নয়। বিজেপি সরকার তো আর বামপন্থী বা তৃণমূলকে দায়িত্ব দেবে না।’ শুধু সরকারি প্রতিনিধি নয়, এদিন ৭০টি কলেজের পরিচালন সমিতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মনোনীত সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। তাতে অধিকাংশ পিএইচডি ডিগ্রিধারীরা দায়িত্ব পেয়েছেন।



