মেলবোর্ন: অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম ওপেনার। ১৯ বছর ৮৫ দিন বয়সি স্যাম কনস্টাস স্মরণীয় করে রাখলেন অভিষেক ম্যাচ। ৬৫ বলে তাঁর ৬০ রানের ইনিংসই বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার শক্ত ভিত গড়ে দেয়। শুধু রান দিয়ে কনস্টাসের বৃহস্পতিবারের ইনিংসকে বিচার করলে ভুল হবে। যশপ্রীত বুমরাহকে শুরুতে দমিয়ে রেখে ম্যাচের রাশ অস্ট্রেলিয়ার হাতে তুলে দিয়েছেন তিনি। স্কুপ, রিভার্স স্কুপ হাঁকিয়ে ভারতীয় তারকা পেসারের এক ওভারেই নেন ১৮ রান। বুমরাহর টেস্ট কেরিয়ারে যা সবচেয়ে খারাপ ওভার। দিনের শেষে কনস্টাস তাঁর পরিকল্পনার কথা সাফ জানিয়ে দিলেন। তাঁর কথায়, ‘আগে থেকেই পরিকল্পনা ছিল যে, বুমরাহকে টার্গেট করব। আসলে আমি বোলারদের পাল্টা চাপে ফেলতে পছন্দ করি। পরের ইনিংসেও এমনটা করতে মুখিয়ে রয়েছি।’
Advertisement
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাছে রীতিমতো ত্রাস হয়ে উঠেছেন যশপ্রীত বুমরাহ। সিরিজে উইকেট শিকারির তালিকায় মগডালে অবস্থান করছেন বুমবুম (২৪টি)। অথচ অভিষেককারী এক তরুণ তাঁকেই টার্গেট বানালেন! ওপেনার কনস্টাসের সাহসকে কুর্নিশ জানাতেই হয়। এরজন্য কৃতিত্ব প্রাপ্য অবশ্য তাঁর বাবারও। সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে ভাই বিলি বলছিলেন, ‘ছ’বছর বয়স থেকেই বাবা ওকে কঠোর ট্রেনিং করাত। বোলিং মেশিনে ৯০ মাইল প্রতি ঘণ্টা বেগে বল খেলার সুবাদে অল্প বয়সেই ওর ভয় কেটে যায়।’ তারই ঝলক দেখল বক্সিং ডে টেস্টের প্রথম দিন মেলবোর্নের গ্যালারিতে থাকা ৮৭ হাজার দর্শক। কনস্টাস বলছিলেন, ‘অতীতে লাল বলের ক্রিকেটে সবাই ডিফেন্ড করার কথা বলত। তবে এখন যুগ পাল্টেছে। নতুন নতুন শটে বিপক্ষকে চাপে ফেলাই লক্ষ্য থাকে।’ এদিন শুরুর দিকে বুমরাহর বিরুদ্ধে কিছুটা অস্বস্তিতে ছিলেন কনস্টাস। বুমবুমের প্রথম ১৮টি বলে মাত্র ২ রান করেন অজি ওপেনার। এই প্রসঙ্গে কনস্টাসের মন্তব্য, ‘বুমরাহ কিংবদন্তি। শুরুর দিকে ওর বোলিংয়ের ধরণ বুঝতে সময় লেগেছে। ভাগ্য সহায় থাকায় আমি আউট হইনি। তবে চাপের মুহূর্তেই আমার সেরা খেলাটা বেরিয়ে আসে।’



