Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

অনুব্রতের জন্য বেসরকারি নিরাপত্তারক্ষী, চর্চা বোলপুরে

বীরভূমের তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মোড়।

অনুব্রতের জন্য বেসরকারি নিরাপত্তারক্ষী, চর্চা বোলপুরে
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বীরভূমের তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মোড়। সরকারি নিরাপত্তা প্রত্যাহারের পর এবার তাঁর বোলপুরের নীচুপট্টির বাড়িতে দেখা যাচ্ছে বেসরকারি নিরাপত্তারক্ষীদের।

Advertisement

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ধাপে ধাপে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল। প্রথমে তাঁর ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার করা হয়। পরে সর্বক্ষণের জন্য থাকা এক সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও সরিয়ে নেওয়া হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্য পুলিশের কোনো নিরাপত্তাই আর পাচ্ছেন না তিনি।
এরই মধ্যে সোমবার অনুব্রত মণ্ডলের নীচুপট্টির বাড়িতে দুই বেসরকারি নিরাপত্তারক্ষীকে দায়িত্ব পালন করতে দেখা যায়। তাঁদের মধ্যে একজন জানান, গত মাসের শেষ দিক থেকে একটি সংস্থার মাধ্যমে তাঁদের এখানে নিয়োগ করা হয়েছে। দু’জন বেসরকারি রক্ষী সর্বক্ষণ অনুব্রতর নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সরকারি নিরাপত্তা প্রত্যাহারের পর থেকেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। সূত্রের খবর, তাঁর নিরাপত্তার জন্য বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। সেই জল্পনাই এবার বাস্তব রূপ পেল বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে ডিরেক্টরেট অব সিকিউরিটি সার্ভিসের সুপারিশে রাজ্যস্তরের নিরাপত্তা পেতেন অনুব্রত মণ্ডল। ২০২৪ সালে জামিনে মুক্ত হয়ে ফেরার পর জেলা সভাপতির পদে না থাকলেও জেলা কোর কমিটির আহ্বায়ক এবং রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে তাঁকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেই নিরাপত্তার আওতায় পাইলট ও এসকর্ট গাড়ি, একাধিক সশস্ত্র পুলিশকর্মী এবং বাড়িতে হাউস গার্ডের ব্যবস্থাও ছিল। সম্প্রতি ধাপে ধাপে সেই সমস্ত নিরাপত্তা তুলে নেওয়া হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ