Bartaman Logo
২২ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

অপরিহার্য টিকাও মহার্ঘ, বিসিজি সহ তিন ভ্যাকসিনের বাড়ল দাম

মোদি সরকারের নির্দেশে বিসিজি ও মিজলস টিকার দাম বাড়ল। প্রাইভেট হাসপাতালে টিকার দাম বাড়ানোর ফলে শিশুদের পরিবারে চাপ বাড়তে পারে। বিস্তারিত পড়ুন।

অপরিহার্য টিকাও মহার্ঘ, বিসিজি সহ তিন ভ্যাকসিনের বাড়ল দাম
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশ্বজিৎ দাস, কলকাতা: পেট্রল, ডিজেল, গ্যাসের পর এবার ভ্যাকসিন! বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি সরকার। অর্থাৎ তাদের আগের তুলনায় দামের ঊর্ধ্বসীমা বেড়ে গেল। এক ‘এক্সট্রাঅর্ডিনারি’ গেজেট নির্দেশে একথা জানাল কেন্দ্র। যেসব শিশুর টিকাকরণ হয় সরকারি হাসপাতালে এই দাম বৃদ্ধির ফলে তাদের কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে বর্ধিত দাম বহন করতে হবে কেন্দ্রকেই। কিন্তু যাঁদের সন্তান বেসরকারি হাসপাতালে ভূমিষ্ঠ হয়েছে অথবা যাঁরা বেসরকারিভাবে সন্তানের টিকাকরণ করান, অন্তত দুটি টিকার ক্ষেত্রে দাম বৃদ্ধির ফল তাঁদের ভুগতে হতে পারে—একটি বিসিজি, অন্যটি মিজলস। 

Advertisement

টিকার মতো অপরিহার্য দ্রব্যের ক্ষেত্রেও দাম বৃদ্ধির খাঁড়া নেমে আসায় শুরু হয়েছে সমালোচনা। ওষুধ শিল্পের সঙ্গে যুক্ত অভিজ্ঞ ব্যবসায়ীরা বলছেন, টিকা ন্যাশনাল লিস্ট অব এসেনশিয়াল মেডিসিনের (এনএলইএম) আওতায় পড়ে। ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডারের (ডিপিসিও) মাধ্যমে এর দাম নিয়ন্ত্রণ করা হয়। টিকার দাম সাধারণ ওষুধ বা ইনজেকশনের মতো ইচ্ছাখুশি বাড়ানো যায় না। এবারে সেটাই করল মোদি সরকার। আবার জয়দীপ সরকারের মতো পাইকারি বিক্রেতারা জানান, আসলে আইনের ফাঁক রাখা হয়েছিল ২০১৩ সালে, ডিপিসিও তৈরির সময়ই। তখন বলা হয়েছিল, বিশেষ পরিস্থিতিতে নিয়ন্ত্রিত ওষুধেরও দাম বাড়ানো যাবে। ফলে কন্ট্রোল-ডি-কন্ট্রোল এগুলি স্রেফ মানুষকে বোকা বানানোর উপায়। সমস্ত ওষুধের দামই আসলে ডি-কন্ট্রোলড!
এতদিন বিসিজি ভ্যাকসিনের প্রতিটি ডোজের (.১ এমএল) ‘নিয়ন্ত্রিত’ মূল্য ছিল ৮ টাকা ২০ পয়সা। নতুন দাম হয়েছে ৯ টাকা ৮৯ পয়সা। প্রতি ভাওয়েল এমআর ভ্যাকসিনের দাম ছিল ৭২ টাকা ৯০ পয়সা। নতুন সিলিং প্রাইস হল ৮৭ টাকা ৯৩ পয়সা। হাম বা মিজলস টিকার দাম ভাওয়েল পিছু ছিল ৫১ টাকা ৪০ পয়সা। নতুন দাম হয়েছে ৬২ টাকা। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পাইকারি মূল্যসূচক অনুযায়ী নতুন দাম ঠিক করা হয়েছে। 
শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, প্রাইভেটে আমরা এমএমআর (মাম্পস, মিজলস, রুবেলা) টিকা দিই। সরকারি হাসপাতালের মতো শুধুমাত্র এমআর দেওয়া হয় না। এই নির্দেশনামার সবকটি টিকাই সরকারি হাসপাতালে বিনামূল্যে মেলে। তবে এই দাম বৃদ্ধির ফলে প্রাইভেটে বিসিজি এবং মিজলস টিকার দাম বেড়ে যেতে পারে। প্রসঙ্গত, বাজারে বিসিজি টিকা ৫০ থেকে ১০০ টাকার মধ্যে বিভিন্ন দামে পাওয়া যায়। মিজলস টিকা আলাদাভাবে কেনা যায় ১০০-২০০ টাকায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ