জলের অপচয় রোধ  ও নারীকে সম্মানের বার্তা, ভারত সংঘের থিম ‘নীর ও নারী’
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কুন্তল পাল, বনগাঁ: একদিকে জলের অপচয় রোধে সচেতনতা, অন্যদিকে নারীকে সম্মান ও মর্যাদা দেওয়ার বার্তা তুলে ধরতে বনগাঁ ভারত সংঘের এবারের পুজোর থিম ‘নীর ও নারী’। উদ্যোক্তাদের দাবি, পৃথিবীতে জীব সৃষ্টি জল ছাড়া অসম্ভব। জলই জীব সৃষ্টির একমাত্র চাবিকাঠি। সেই জল অপচয় রোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। অন্যদিকে জীব সৃষ্টিতে জলের পরেই নারীর অবদান। তাঁদের অবদানকে সম্মান জানাতে এবং অবদানকে মর্যাদা দিতে এবারের পুজোর এই থিমের ভাবনা। বনগাঁ ভারত সংঘের পুজো এবারে ২৮ বছরে পদার্পণ করলো। প্রতিবছর নতুন নতুন থিমের মাধ্যমে পুজোর আয়োজন করে তাঁরা। এবছর এলাকার মহিলারা পুজোর আয়োজন করছেন। এবারে তাঁদের ভাবনা ‘নীর ও নারী’। উদ্যোক্তাদের দাবি, জীবের সৃষ্টিতে জলের পরেই অবদান নারীর। দেশ জুড়ে যেভাবে জলের অপচয় হচ্ছে, তাতে আগামীতে বিশ্ব চরম সংকটে পড়বে। সে কারণে আমরা জল বাঁচাতে এবং নারীকে শ্রদ্ধা, সুরক্ষা ও সম্মান জানাতে এই থিম বেছে নিয়েছি। আমাদের সমাজে নারীকে বিভিন্ন সময় নানাভাবে অত্যাচারিত হতে হয়। সেই মনোভাব বদলাতেই থিমের মাধ্যমে তাঁদেরকে সম্মান জানানো হয়েছে। মাটির হাঁড়ি, কলসি দিয়ে পরিবেশ বান্ধব প্যান্ডেল ফুটিয়ে তোলা হয়েছে। কমিটির সভানেত্রী রাধা বাগচি বলেন, জল আমাদের জীবন। জীব সৃষ্টি জল ছাড়া অসম্ভব। তেমনি নারীও জীব সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে। তাঁদেরকে রক্ষা করতেই আমাদের এই থিম। সঙ্গে থাকছে মানানসই আলোকসজ্জা। পাশাপাশি পুজোর কটা দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement