Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

যুবভারতীতে আজ শিল্ড ফাইনালে মর্যাদার ডার্বি, চনমনে ইস্ট বেঙ্গল, বদলার আশায় মোহন বাগান

আশ্বিনের হাওয়ার মিশে পুজোর গন্ধ। বাংলার পাড়ায় পাড়ায় শারদোৎসবের প্রস্তুতি চরমে। শেষ মুহূর্তে ফিনিশিং টাচ দিচ্ছে কুমারটুলি।

যুবভারতীতে আজ শিল্ড ফাইনালে মর্যাদার ডার্বি, চনমনে ইস্ট বেঙ্গল, বদলার আশায় মোহন বাগান
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: আশ্বিনের হাওয়ার মিশে পুজোর গন্ধ। বাংলার পাড়ায় পাড়ায় শারদোৎসবের প্রস্তুতি চরমে। শেষ মুহূর্তে ফিনিশিং টাচ দিচ্ছে কুমারটুলি। শিয়ালদহ স্টেশনের বাইরে বোল তুলেছে ঢাকির দল। এমন উৎসবের আবহেই বৃহস্পতিবার আইএফএ শিল্ড ফাইনালে মহারণ। মর্যাদার ডার্বি ঘিরে উন্মাদনা চরমে। মোহন বাগানকে হেলায় হারিয়ে ডুরান্ড কাপ ঘরে তুলেছে ইস্ট বেঙ্গল। এবার বদলায় আশায় তাল ঠুকছে পানোস ব্রিগেড। যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শুরু সন্ধ্যা সওয়া ছ’টায়। অনুমান করাই যায়, বৃহস্পতিবার দুপুরের পর যুবভারতীই হবে সব রাস্তার ঠিকানা। অনলাইনে টিকিটের চাহিদা তুঙ্গে। তবে কমপ্লিমেন্টারি টিকিট বন্টনের ক্ষেত্রে এদিন বেশ সমস্যা তৈরি হয়। স্ট্যাম্পিংয়ের পর ক্রীড়াদপ্তর আইএফএ অফিসে টিকিট পৌঁছাতে সন্ধ্যা গড়িয়ে যায়। সুতারকিন স্ট্রিটের মুখে ময়দানের বহু পরিচিত কর্তা টিকিটের অপেক্ষায় ছিলেন। হতাশ হয়ে বাড়িমুখো হন তাঁরা। ময়দানে মোহন বাগান ও ইস্ট বেঙ্গল তাঁবুর বাইরে সমর্থকদের ভিড়। টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিতে দেখা যায় বেশ কিছু অনুরাগীকে।

Advertisement

শিল্ডে ২৯ বারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। পক্ষান্তরে ২১ বার ঐতিহ্যের এই শিরোপা ঘরে তুলেছে মোহন বাগান। গত মরশুমেও শিল্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। বিশাল কাইথের কাঁধে ভর করে টাই-ব্রেকারে খেতাব জিতেছিল পালতোলা নৌকা ব্রিগেড। এবারও শিরোপা ধরে রাখতে মরিয়া গঙ্গাপাড়ের ক্লাব। ইতিমধ্যেই ঘরোয়া লিগ জিতেছে সবুজ-মেরুন ব্রিগেড। এবার শিল্ড জিততে পারলে এক ঢিলে দুই পাখি পারবেন গ্রিক কোচ পানোস। ডুরান্ডে শোচনীয় পরাজয়ের বদলা নেওয়ার পাশাপাশি এক সিলিন্ডার অক্সিজেন পেয়ে যাবেন সবুজ-মেরুন সারথি। যা বাকি মরশুমের জন্য টনিকের কাজ করতে পারে। চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্বে শীর্ষে থেকেই শেষ চারে পৌঁছেছিল পানোস ব্রিগেড। এরপর কিশোর ভারতীতে পাঞ্জাব এফসিকে টাই-ব্রেকারে হারান মিগুয়েলরা। তবে দল জিতলেও সেই প্রত্যাশিত স্পার্ক এখনো অধরা। আলবার্তো, রাহুল ভেকে, শুভাশিস বসু সমৃদ্ধ রক্ষণে ফাটল ধরছে একাধিকবার। পাশাপাশি কুঁচকির চোটের কারণে শিল্ড ফাইনালে নেই অজি স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। গোলমেশিনের অনুপস্থিতি নিঃসন্দেহে বড়ো ধাক্কা সবুজ-মেরুনের কাছে। সবমিলিয়ে কুর্সির উত্তাপ ভালোমতোই টের পাচ্ছেন পানোস। ট্র্যাপিজের সরু সুতোয় হাঁটছেন ভদ্রলোক। এদিক-সেদিক হলেই চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে।
পক্ষান্তরে, নর্থ ইস্টকে ৭ গোলে চূর্ণ করে শিল্ড ফাইনালে পৌঁছেছে হাবাস ব্রিগেড। অভিজ্ঞ স্প্যানিশ কোচই লাল-হলুদের মসিহা। তাঁর মিডাস টাচেই মশালের আগুনে গনগনে আঁচ। ডুরান্ডের পর শিল্ড জিততে হাবাসের মগজাস্ত্রই লাল-হলুদের ভরসা। তবে রক্ষণে জিভুলিচ কিছুটা শ্লথ। দুই উইং-ব্যাকও মন্থর। তারউপর ম্যাচ টাই-ব্রেকারে গড়ালে বিশালকে পরাস্ত করা চ্যালেঞ্জের। তবে যাবতীয় ঘাটতি মিটিয়ে ফের যুবভারতীতে মশাল জ্বালাতে প্রস্তুত  চনমনে হাবাস ব্রিগেড।
 যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৬-১৫ মিনিটে। সরাসরি সম্প্রচার ফ্যান কোড অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ