নিজস্ব প্রতিনিধি কলকাতা: রাজ্যের বহুলচর্চিত ‘গুন্ডাদমন আইন’-এ দায়ের হওয়া মামলাগুলিতে আপাতত হস্তক্ষেপ করল না হাইকোর্ট। কারণ, আইনটি এখনো রাষ্ট্রপতির অনুমোদন পায়নি। ফলে এই পরিস্থিতিতে আগাম কোনো শুনানি সম্ভব নয় বলে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ফলে আইনটিকে চ্যালেঞ্জসহ দায়ের হওয়া জনস্বার্থ মামলাগুলি খারিজ করে দিয়েছে আদালত।
ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যদি রাষ্ট্রপতির অনুমোদনের পর ভবিষ্যতে এই আইন কার্যকর হয়, সরকার কোনো বিজ্ঞপ্তি জারি করে অথবা ওই আইনের ভিত্তিতে কোনো পদক্ষেপ করা হয়, সেক্ষেত্রে আবেদনকারীরা ফের আদালতের দ্বারস্থ হতে পারবেন। তখন বিষয়টি আইন অনুযায়ী বিবেচনা করা হবে। এদিনের শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিজ অ্যাক্ট এখনো রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তাই আইনের কার্যকারিতা নিয়ে এখনই প্রশ্ন তোলা ঠিক নয়। রাজ্যের এই বক্তব্যের ভিত্তিতেই আদালত জানায়, এখনো কার্যকর না-হওয়া কোনো আইন নিয়ে আগাম পদক্ষেপ করা আদালতের পক্ষে সম্ভব নয় ।
তবে একইসঙ্গে আর একটি গুরুত্বপূর্ণ মামলায় শুনানি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদালত। ওয়েস্ট বেঙ্গল মেন্টেন্যান্স অব পাবলিক অর্ডার আমেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৭২-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে যে আবেদন জানানো হয়েছে, সেই মামলায় রাজ্যকে চারসপ্তাহের মধ্যে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আবেদনকারীদের ১০ সেপ্টেম্বরের মধ্যে জবাবি হলফনামা দাখিল করতে হবে। পরবর্তী শুনানি ১৬ সেপ্টেম্বর।