সংবাদদাতা, আলিপুরদুয়ার: ২ অক্টোবর বাঘ আসছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। তার আগে বক্সার জঙ্গলের আশপাশে গবাদি প্রাণীদের মধ্যে খুরাই রোগের প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। আগামী সপ্তাহে বনদপ্তর ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সমন্বয়ে এই টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। তা শেষ হবে ২ অক্টোবর যেদিন বাঘ আসবে।
এই কর্মসূচি শুরু করার আগে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও বনদপ্তরের প্রস্তুতি মিটিং করা হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বক্সার জঙ্গলের আশপাশে ৮০টি গ্রাম ও চা বাগানে প্রায় ৫০ হাজার গবাদি পশুকে খুরাই রোগের টিকা দেওয়া হবে। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ অর্থাৎ বাংলায় খুরাই রোগ হয় গবাদি পশুদের মধ্যে।
বনদপ্তরের এক শীর্ষ কর্তা বলেন, এই কর্মসূচি শুরু করার আগে স্থানীয় প্রশাসনের সঙ্গে সোমবার প্রস্তুতি মিটিং সারা হয়েছে। বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ বলেন, জঙ্গলের সমস্ত স্তরের প্রাণীদের রোগব্যাধি থেকে রক্ষা করাই আমাদের উদ্দেশ্য।