Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরভোটের সঙ্গেই বর্ষার প্রস্তুতি নিয়ে তৎপরতা, হাওড়া পুরসভায় বৈঠকে বিজেপি নেতৃত্ব

দীর্ঘদিন ধরে নির্বাচনহীন অবস্থায় থাকা হাওড়া পুরসভাকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। বুধবার পুর কমিশনারের সঙ্গে বৈঠকে বসে দ্রুত নির্বাচন করার ইঙ্গিত দেওয়ার পাশাপাশি নাগরিক পরিষেবা ও বর্ষার প্রস্তুতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করল বিজেপির জেলা নেতৃত্ব।

পুরভোটের সঙ্গেই বর্ষার প্রস্তুতি নিয়ে তৎপরতা, হাওড়া পুরসভায় বৈঠকে বিজেপি নেতৃত্ব
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দীর্ঘদিন ধরে নির্বাচনহীন অবস্থায় থাকা হাওড়া পুরসভাকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। বুধবার পুর কমিশনারের সঙ্গে বৈঠকে বসে দ্রুত নির্বাচন করার ইঙ্গিত দেওয়ার পাশাপাশি নাগরিক পরিষেবা ও বর্ষার প্রস্তুতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করল বিজেপির জেলা নেতৃত্ব। বিশেষ করে অস্থায়ী কর্মীদের সমস্যা ও আসন্ন বর্ষায় জমা জল ও নিকাশি পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়েই মূলত দীর্ঘক্ষণ আলোচনা হয়।

Advertisement

২০১৮ সালের ডিসেম্বর মাসে তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর এখনও পর্যন্ত হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। প্রশাসকের মাধ্যমে পুরসভা পরিচালিত হলেও পরিষেবা নিয়ে ক্ষোভ রয়েছে শহরবাসীর। এই প্রেক্ষাপটে বিজেপির হাওড়া জেলা সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য পুরসভায় এসে কমিশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, রাজ্যে তাঁদের সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হলেই হাওড়ায় দ্রুত পুরভোটের প্রস্তাব তুলে ধরা হবে। তবে ভোটের প্রসঙ্গের পাশাপাশি এদিন সবচেয়ে বেশি গুরুত্ব পায় বর্ষা মোকাবিলার প্রস্তুতি। প্রতি বছরই বৃষ্টিতে জমা জল ও নিকাশির সমস্যায় নাজেহাল হতে হয় হাওড়াবাসীকে। এই বছর পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব। পুর কমিশনারের কাছে তাঁরা জানতে চান, নিকাশি ব্যবস্থা কীভাবে উন্নত করা হবে এবং নিকাশি জলকে দ্রুত বের করে দিতে কী পরিকল্পনা নেওয়া হয়েছে? গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, ‘বর্ষায় হাওড়া যেন ভেসে না যায়, সে ব্যাপারে আমরা প্রশাসনের কাছে স্পষ্ট রূপরেখা চেয়েছি।’
অন্যদিকে, পুরসভার অস্থায়ী কর্মীদের দীর্ঘদিনের বকেয়া ও সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে ক্ষোভের কথাও শোনেন বিজেপি নেতৃত্ব। কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। বিজেপির তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে অস্থায়ী কর্মীদের জন্য স্থায়ী সুরক্ষা কাঠামো গড়ে তোলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। এদিন পুরসভায় কর্মচারী মহলেও রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলেছে। তৃণমূল-ঘনিষ্ঠ কর্মচারী সংগঠনের একাংশ বিজেপিতে যোগ দেওয়ার পাশাপাশি তাঁদের সংগঠনের ঘরও বিজেপির দখলে গিয়েছে বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে, নির্বাচন ও নাগরিক পরিষেবাকে ঘিরে হাওড়া পুরসভায় নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ