Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জোর কদমে মুড়িগঙ্গা নদীর উপরে সেতু তৈরির প্রস্তুতি, মাটি পরীক্ষা শেষ পর্যায়ে

জোর কদমে চলছে সাগর দ্বীপের মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের প্রাথমিক সমস্ত রকমের পরীক্ষা-নিরীক্ষা। নদীর যে পথ দিয়ে সেতুটি নির্মাণ করা হবে, দীর্ঘ কয়েক মাস ধরে সেখানে মাটি পরীক্ষার কাজ চলছে।

জোর কদমে মুড়িগঙ্গা নদীর উপরে সেতু  তৈরির প্রস্তুতি, মাটি পরীক্ষা শেষ পর্যায়ে
  • ১১ এপ্রিল, ২০২৬ ১০:০৪
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: জোর কদমে চলছে সাগর দ্বীপের মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের প্রাথমিক সমস্ত রকমের পরীক্ষা-নিরীক্ষা। নদীর যে পথ দিয়ে সেতুটি নির্মাণ করা হবে, দীর্ঘ কয়েক মাস ধরে সেখানে মাটি পরীক্ষার কাজ চলছে। সেই কাজ প্রায় শেষের পথে। এবার ওজন ধারণক্ষমতা নির্ধারণের পরীক্ষা শুরু হল। চারদিন ধরে সেতু নির্মাণের বরাদ্দ পাওয়া ঠিকাদার সংস্থা ওজনের বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে একটি পরীক্ষা শুরু করেছে। ওই সংস্থা কাকদ্বীপের নতুন রাস্তার মোড়ের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল করা বড়ো গাড়িগুলির ওজন মাপার কাজ করছে। এক্ষেত্রে আট, ১২, ১৬ ও ২৪ চাকা গাড়ি গুলির ওজন মাপা হচ্ছে। 

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাধারণত এখানকার জাতীয় সড়কের উপর দিয়ে এই বড়ো গাড়ি গুলি বিভিন্ন জিনিসপত্র বহন করে থাকে। ভবিষ্যতে বিভিন্ন সামগ্রী বোঝাই করে এই গাড়িগুলি সেতুর উপর দিয়ে যাতায়াত করবে। তাই কত ওজনের গাড়ি সেতুর উপর দিয়ে যাতায়াত করতে পারে, তার একটি প্রাথমিক পরীক্ষার কাজ চলছে। জানা গিয়েছে, পরীক্ষার কাজ শেষ হয়ে গেলে সেতুর ওজন ধারণক্ষমতা নির্ধারণ করা হবে। তারপর সেতু তৈরির কাজ শুরু হবে। ইতিমধ্যে ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়াররা কাকদ্বীপ এলাকায় আসতে শুরু করেছেন। এমনকি সেতু তৈরির বিভিন্ন সরঞ্জাম রাখার জন্য জমি চিহ্নিত করা হয়েছে।
   স্থানীয় বাসিন্দা শুভব্রত দাস বলেন, ‘ কয়েকদিন ধরে দেখছি, ঠিকাদারের কর্মীরা জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে একটি যন্ত্রের মাধ্যমে বড়ো গাড়ির ওজন মাপার কাজ করছেন। মূলত এই জাতীয় সড়কের উপর দিয়ে কত ওজনের গাড়ি চলাচল করে থাকে, তাঁরা সেটাই পরীক্ষা করে দেখছেন।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ