Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টায়টায় কর্মী নিয়ে ভোট পরিচালনার প্রস্তুতি দক্ষিণ ২৪ পরগনার ৩১টি বিধানসভায়

ভোট পরিচালনার জন্য সব বুথে রিজার্ভ সহ ১২০ শতাংশ বেশি ভোটকর্মী মোতায়েন রাখতে হয়। এটাই নিয়ম নির্বাচন কমিশনের।

টায়টায় কর্মী নিয়ে ভোট পরিচালনার প্রস্তুতি দক্ষিণ ২৪ পরগনার ৩১টি বিধানসভায়
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোট পরিচালনার জন্য সব বুথে রিজার্ভ সহ ১২০ শতাংশ বেশি ভোটকর্মী মোতায়েন রাখতে হয়। এটাই নিয়ম নির্বাচন কমিশনের। কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলায় এবার ভোটকর্মীর সংখ্যা একেবারে টায়টায়। ফলে ভোটের দিন কোনো ভোটকর্মী যদি কোনো কারণে না আসতে পারেন, সেক্ষেত্রে বড়ো সমস্যা দেখা দিতে পারে। প্রশাসন হিসাব করে দেখেছে, এই মুহূর্তে মহিলা ভোটকর্মী আছেন ১০৭ শতাংশ এবং পুরুষ ভোটকর্মী আছে ১০৪ শতাংশ। অর্থাৎ, কমিশনের যে গাইডলাইন, তা পূরণ হচ্ছে না। কারণ, এতদিন ভোটকর্মীর দায়িত্ব দেওয়া হলেও এবার কমিশন সাফ জানিয়ে দিয়েছে, চুক্তিভিত্তিক শিক্ষক থেকে শুরু করে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের ভোটের কাজে লাগানো যাবে না। তাতে পূর্বে ভোটের কাজ করেছেন, এমন প্রায় ১২ হাজার কর্মী বাদ পড়েছেন।

Advertisement

তাছাড়া, যতজনের নামে প্রশিক্ষণের চিঠি পাঠানো হয়েছিল, তাঁদের মধ্যে অনেকে আসেননি। সব মিলিয়ে ভোটকর্মী সংকটের দোরগোড়ায় দাঁড়িয়ে জেলা প্রশাসন। আশঙ্কার মেঘ সরাতে বিকল্প পরিকল্পনার কথাও ভাবা শুরু হয়েছে। যাঁরা ভোটের ট্রেনিং নেননি, ব্লক ধরে ধরে তাঁদের অনুরোধ করে ডেকে এনে প্রশিক্ষণের ব্যবস্থা করে ভোটের দিন ব্লক অফিসে রাখা হবে। খুব জরুরি প্রয়োজন পড়লে তাঁদের মধ্যে থেকেই প্রয়োজনমতো কর্মীকে সংশ্লিষ্ট বুথে পাঠানো হবে।
এদিকে, তুলনামুলকভাবে মহিলা ভোটকর্মী বেশি আছেন বলে মহিলা পরিচালিত বুথের সংখ্যা অনেকটাই বাড়ানো হচ্ছে। শুরুতে ২,৩২৩টি মহিলা পরিচালিত বুথ করার কথা ঠিক হলেও এখন তা তিন হাজার হয়ে গিয়েছে। প্রয়োজনে আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে অতিরিক্ত মহিলা বুথের পরিকাঠামো কম সময়ে তৈরি করতে হিমশিম খাচ্ছে প্রশাসন। শৌচালয়, জল প্রভৃতি ব্যবস্থা করতে জোরকদমে কাজ চলছে। মূলত শহরাঞ্চলে বেশি সংখ্যায় মহিলা বুথ করার সিদ্ধান্ত হয়েছে। সোনারপুর, বারুইপুর, মহেশতলা প্রভৃতি জায়গা, যেখানে যাতায়াত সহজ এবং ভালো স্কুল বিল্ডিং রয়েছে, সেখানেই মহিলা বুথের উপর বাড়তি জোর দিচ্ছে প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ