নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজয় হাজারে ট্রফিতে বাংলার দুরন্ত ফর্ম অব্যাহত। মঙ্গলবার কেরলকে ২৪ রানে হারিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে উঠে এল লক্ষ্মীরতন শুক্লার দল। হায়দরাবাদের নেক্সট জেন ক্রিকেট মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে বঙ্গ-ব্রিগেড তুলেছিল ৯ উইকেটে ২০৬। জবাবে ৪৬.৫ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায় কেরল। ৭৪ রান ও একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন প্রদীপ্ত প্রামাণিক। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে বাংলার সংগ্রহ ১২ পয়েন্ট।
Advertisement
প্রথমে ব্যাট করতে নেমে বাংলার শুরুটা অবশ্য ভালো হয়নি। ৪৬ রানে চার উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল লক্ষ্মী-ব্রিগেড। দুই ওপেনার সুদীপ কুমার ঘরামি (৪) ও অভিষেক পোড়েল (৮) চূড়ান্ত ব্যর্থ। রান পাননি সুদীপ চ্যাটার্জি (১৩), অনুষ্টুপ মজুমদারও (৯)। তবে শেষ দিকে প্রদীপ্ত প্রামাণিক দলকে লড়াকু পুঁজি এনে দেন। ৮২ বলে তাঁর অপরাজিত ৭৪ রানের ইনিংস সাজানো ছিল ৩টি চার ও ৫টি ছক্কায়। জবাবে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে কেরল। ফলে দু’শোর গণ্ডি টপকাতে পারেনি তারা। সবচেয়ে বেশি রান করেছেন ক্যাপ্টেন সলমন নিজার (৪৯)। বাংলার সায়ন ঘোষ একাই পাঁচটি উইকেট নিয়েছেন। দু’টি করে উইকেট নিয়েছেন কৌশিক মাইতি ও মুকেশ কুমার।



