Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচলে ৬৩ হাজারের ব্যবধানে জয়ী প্রসূন

মালদহের চাঁচল বিধানসভা কেন্দ্রে আবারও নিজেদের জায়গা ধরে রাখল তৃণমূল কংগ্রেস।

চাঁচলে ৬৩ হাজারের ব্যবধানে জয়ী প্রসূন
  • ৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

উজির আলি, চাঁচল: মালদহের চাঁচল বিধানসভা কেন্দ্রে আবারও নিজেদের জায়গা ধরে রাখল তৃণমূল কংগ্রেস। আইপিএস অফিসার থেকে রাজনীতির ময়দানে আসা প্রসূন বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হয়ে বিধায়ক হলেন।

Advertisement

গত বিধানসভা ভোটের জয়ের ব্যবধান কার্যত অটুট রেখেই এবারের লড়াইয়ে আধিপত্য প্রমাণ করল চাঁচলের ঘাসফুল শিবির। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট ১ লক্ষ ২৮ হাজার ১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রতন দাসের থেকে ৬৩ হাজার ৮৭৪ ভোটে এগিয়ে থেকে চাঁচল বিধানসভায় নজির তৈরি করেছেন প্রাক্তন আইপিএস। অন্যদিকে,তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুবের প্রাপ্ত ভোট মাত্র ১৬ হাজার ৩৩৬। যা গতবারের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। 
ভোট গণনার শুরু থেকেই চাঁচলে তৃণমূল এগিয়ে ছিল। যদিও মাঝপথে কয়েকটি রাউন্ডে বিজেপি সাময়িকভাবে এগিয়ে গিয়েছিল। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি। বরং ধীরে ধীরে ব্যবধান বাড়াতে থাকে তৃণমূল। শেষ পর্যন্ত সেই লিড একতরফা জয়ের রূপ নেয়। দলীয় পর্যবেক্ষণ অনুযায়ী, রশিদাবাদ অঞ্চল থেকে সম্ভাব্য উল্লেখযোগ্য লিড আসে। প্রসূন বলেন, চাঁচলের মানুষের এই সমর্থন ও আশীর্বাদকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষ আমাকে দু’হাত তুলে আশীর্বাদ করেছেন। তবে, রাজ্যে তৃণমূলের পতন নিয়ে তিনি বলেন, মানুষের পাশে থাকতে হলে কাজ করতে হয়। সেটাই করে যেতে চাই। 
গত বছর প্রসূনের মায়ের প্রয়াণ ঘটে। সেই স্মৃতিকে সামনে রেখে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, মা আমাকে লড়তে শিখিয়েছিলেন। সেই শিক্ষা আজও অনুপ্রাণিত করে। রাজনীতিতে আসার পর মাটির সঙ্গে যুক্ত থেকেই লড়াই করেছি। আজকের ফল সেই পরিশ্রমেরই প্রতিফলন।

Advertisement
সম্পর্কিত সংবাদ