Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬

‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগানে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ নিলেন প্রকাশ-ধ্রুব

গতকালই একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিকে দেখা যায় ‘আরশোলা’দের সঙ্গে।

‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগানে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ নিলেন প্রকাশ-ধ্রুব
  • ৮ অক্টোবর, ২০২৬ ১৮:৪৪
Prefer us on Google

বেঙ্গালুরু, ৮ অক্টোবর: গতকালই একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিকে দেখা যায় ‘আরশোলা’দের সঙ্গে। দেশের সাধারণ মানুষকে আহ্বান জানান আজ বেঙ্গালুরুতে সিজেপির প্রতিবাদে শামিল হওয়ার জন্য। এদিন সকাল বেলা থেকেই ভিড় জমাতে থাকেন বিক্ষোভকারীরা। এদিন বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ককরোচ জনতা উন্নয়ন পার্টির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন ধ্রুব। এছাড়াও মঞ্চে দেখা যায় অভিনেতা প্রকাশ রাজকেও।

Advertisement

ধ্রুব বলেন, ‘আজ যাঁরা এসেছেন, আপনাদের থেকে বড়ো দেশভক্ত আর কেউ নন।’ এছাড়াও মঞ্চ থেকে বিজেপিকেও তীব্র আক্রমণ শানালেন তিনি। বলেন, ‘যাঁরা এখনও জ্ঞানেশ কুমারকে বাঁচানোর চেষ্টা করছেন, তাঁদের থেকে বড়ো দেশদ্রোহী আর কেউ নেই।’ স্টেজ থেকে জনপ্রিয় এই ইউটিউবার স্লোগান তোলেন, ‘ভোট চোর, গদি ছোড়।’ অন্যদিকে মঞ্চ থেকে সিজেপি নেতাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে অভিনেতা প্রকাশ রাজও স্লোগান তুলতে থাকেন। দাবি করেন, এসআইআর বন্ধ করার। বলেন, ‘এই দেশের ভোটারদের অপমান করা হয়েছে।’

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে গোটা দেশ আজ উত্তাল। দিল্লির যন্তরমন্তরেও একটানা চলছে বিক্ষোভ কর্মসূচি। সিজেপি নেতা অভিজিৎ দীপকে বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, ‘এক দেশ, এক ভোট শুধু একটা স্লোগান। তাদের আসলে উদ্দেশ্য এক দেশ, এক পার্টি। এই একই উদ্দেশ্য ছিল হিটলারেরও। নরেন্দ্র মোদি গিয়ে জিজ্ঞেস করুন তাঁর কী পরিণতি হয়েছিল।’ এছাড়াও দীপকে দাবি করেন, ‘এসআইআরের মাধ্যমে কেবল ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। আমরা রাস্তায় নামব, গণতন্ত্রকে রক্ষা করব।’ জ্ঞানেশ কুমারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন অভিজিৎ দীপকেরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ