Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধানমন্ত্রী আবাস যোজনা: শিলিগুড়িতে উপভোক্তা তালিকা তৈরিতে আজ শুরু সমীক্ষা

দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই শিলিগুড়িতে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা।

প্রধানমন্ত্রী আবাস যোজনা: শিলিগুড়িতে উপভোক্তা তালিকা তৈরিতে আজ শুরু সমীক্ষা
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই শিলিগুড়িতে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদে এনিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করে প্রশাসন। তারা উপভোক্তা তালিকা তৈরি করতে ময়দানে ঝাঁপাচ্ছে। এজন্য আজ, বুধবার থেকে শুরু হবে ত্রিস্তরীয় সমীক্ষা। তবে, যোজনার নির্দেশিকা অনুসারে অনেক যোগ্য গ্রামবাসী ঘর পাওয়া থেকে বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা। এজন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে যোজনার নির্দেশিকা কিছুটা শিথিল করার আর্জি জানাবেন মহকুমা পরিষদের বিরোধী দলনেতা বিজেপির অজয় ওরাওঁ।

Advertisement

দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যের অন্যান্য প্রান্তের মতো শিলিগুড়িতেও বন্ধ ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। উপভোক্তা তালিকা তৈরি, অর্থ বণ্টন, গৃহনির্মাণের মান প্রভৃতি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় যোজনার অর্থ বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। রাজ্যে রাজনৈতিক পালাবদলের এক মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকার ফের সংশ্লিষ্ট যোজনা চালুর নির্দেশ দিয়েছে। সেই মতো এদিন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, বিরোধী দলনেতা, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ আধিকারিকদের নিয়ে প্রশাসন বৈঠক করে।
সভাধিপতি বলেন, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা চালুর নির্দেশ দিয়েছে। সেই মতো যোজনার উপভোক্তা তালিকা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাজ প্রশাসনের অফিসার ও কর্মীরাই করবেন।
শিলিগুড়ি মহকুমায় চারটি ব্লক। মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি এই চারটি ব্লকে অসংখ্য দরিদ্র মানুষ বসবাস করেন। যাঁদের অনেকেরই বাড়ি বাঁশ, কাঠ ও টিনের তৈরি। প্রশাসন সূত্রের খবর, বৈঠকের সিদ্ধান্ত অনুসারে যোজনার উপভোক্তা তালিকা তৈরি করতে আজ, বুধবার থেকে সমীক্ষা শুরু হবে। ব্লক প্রশাসনের কর্মীরা এই কাজ করবেন। এরপর মহকুমা ও জেলা প্রশাসনের আধিকারিকরা সার্ভে রিপোর্ট খতিয়ে দেখবেন।
প্রশাসনের এক আধিকারিক বলেন, আগামী ২৫ জুনের মধ্যে সমগ্র কাজ শেষ করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পাঠাতে হবে। গৃহনির্মাণের জন্য উপভোক্তারা তিন কিস্তিতে পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা। প্রথম কিস্তিতে ৬০ হাজার, দ্বিতীয় কিস্তিতে ৫০ হাজার এবং তৃতীয় কিস্তিতে ১০ হাজার টাকা প্রদান করা হবে। 
মহকুমা পরিষদের বিরোধী দলনেতা বলেন, টিনের ঘর, মাসিক ১৫ হাজার টাকা, তিনচাকা গাড়ি (টোটো) প্রভৃতি থাকলে ঘর নাও মিলতে পারে। বিষয়টি কিছুটা শিথিল করার আবেদন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে জানাব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ