নয়াদিল্লি, ২০ মার্চ: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এবার পড়ল জ্বালানি তেলেও। কয়েকদিন আগেই এলপিজি সিলিন্ডার প্রতি ৬০ টাকা মূল্য বৃদ্ধি করা হয়েছে। তার জেরে নাজেহাল হয়ে পড়ে গোটা দেশ। মূল্য বৃদ্ধির প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনেও। টান পড়ে নিত্যপ্রয়োজনীয় রান্নার গ্যাস সিলিন্ডারেও। একই সময়ে মূল্য বৃদ্ধি পায় অটোর সিএনজির দামও। এবার সেই রেশ কাটতে না কাটতেই মূল্য বৃদ্ধি হল পাওয়ার পেট্রোলের। প্রতি লিটার ২ টাকা মূল্য বৃদ্ধি পেল পাওয়ার পেট্রোলের। আজ, শুক্রবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। এমনটাই জানিয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। কিন্তু এই মূল্য বৃদ্ধির নির্দিষ্ট কোনও কারণ জানায়নি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। তবে পাওয়ার পেট্রোলের দাম বৃদ্ধি পেলেও সাধরণ তেলের দাম আপাতত একই রয়েছে। সেই সঙ্গে ডিজেলের দামও এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। কিন্তু এগুলির দামও খুব শীঘ্রই বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষরা।



