Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তিন মাসে পিচ উঠে গর্ত, বৃষ্টিতে শাসনের আমিনপুর-বোয়ালঘাটার রাস্তা মরণফাঁদ

সংস্কার হয়েছিল মাস তিনেক আগে। কিন্তু এর মধ্যেই ফের বেহাল শাসনের আমিনপুর থেকে বোয়ালঘাটা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা।

তিন মাসে পিচ উঠে গর্ত, বৃষ্টিতে শাসনের আমিনপুর-বোয়ালঘাটার রাস্তা মরণফাঁদ
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সংস্কার হয়েছিল মাস তিনেক আগে। কিন্তু এর মধ্যেই ফের বেহাল শাসনের আমিনপুর থেকে বোয়ালঘাটা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা। পিচ উঠে তৈরি হয়েছে ছোটো-বড়ো গর্ত। সবই কার্যত মারণফাঁদ রাস্তাজুড়ে। নতুন সরকারের কাছে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসীরা।

Advertisement

জানা গিয়েছে, শাসনের আমিনপুর থেকে বোয়ালঘাটা পর্যন্ত এই রাস্তার দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার। উত্তর ২৪ পরগনার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার সংযোগকারী এই রাস্তা বিধানসভা নির্বাচনের কিছু দিন আগে সংস্কার করা হয়েছিল। কিন্তু তিন মাসের মধ্যেই ফের রাস্তার পিচ উঠে গিয়েছে। তৈরি হয়েছে অসংখ্য ছোটো-বড়ো গর্ত। বৃষ্টির জল জমে সেই গর্তগুলির পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। কিন্তু এই রাস্তা দিয়েই রোজ অটো, টোটো এবং একটি রুটের বাস চলাচল করে। ছোট চারচাকার গাড়িও চলে।
স্কুলের পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দা– প্রতিদিন ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ। গর্ত বাঁচিয়ে চলতে গিয়ে মাঝেমধ্যে অটো ও টোটো উল্টে যাত্রীদের জখম হতে হচ্ছে। বেহাল রাস্তার কারণে বাস, ছোট গাড়ি এবং টোটোর যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাড়ছে রক্ষণাবেক্ষণের খরচ। সন্ধ্যা নামলে পরিস্থিতি আরও খারাপ হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। রাস্তার গর্তে বৃষ্টির জল জমে থাকায় যাতায়াতে সমস্যা বাড়ছে। শুধু সাধারণ যাত্রী নয়, বেহাল রাস্তার ঝাঁকুনিতে অ্যাম্বুলেন্সে থাকা রোগীদের শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে বলে অভিযোগ।
অ্যাম্বুলেন্স চালক স্বপন বিশ্বাস বলেন, বেহাল রাস্তার কারণে রোগীদের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটছে। টোটোচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান বলেন, গর্ত বাঁচিয়ে যাওয়ার সময় ঝাঁকুনির চোটে স্কুলের পড়ুয়া থেকে সাধারণ যাত্রীরা জখম হচ্ছেন। ফলে এই খারাপ রাস্তার জন্যই যাত্রী সংখ্যা কমে গিয়েছে। স্থানীয় বাসিন্দা দীপক ঘোষ ও দেবা বসুদের কথায়, রাজ্য সরকারের কাছে অবিলম্বে এই বেহাল রাস্তা সংস্কারের দাবি করছি আমরা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ