নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বছরের প্রথম বৃষ্টিতে চরম ভোগন্তির শিকার আলু চাষিরা। বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে মাঠের সব আলু। সেই জেরে চরম সর্বনাশ চাষিদের। চড়া সুদে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন জলপাইগুড়ির বিভিন্ন এলাকার কৃষকরা। সবে আলু উঠতে শুরু করেছিল মাঠে। এমন সময়ই বৃষ্টিতে মাঠে জল জমে নষ্ট হয়ে গেল লক্ষ লক্ষ টাকার আলু। এই পরিস্থিতিতে কী করবেন বুঝে উঠতে পারছেন না কৃষকরা। সারা রাত জলে ডুবে থাকা আলু কোনো মতেই হিমঘরে রাখা যাবে না এমনটাই জানিয়েছেন তাঁরা। এই বৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ধূপগুড়ি এলাকার আলু চাষিরা। বিঘার পর বিঘা আলু চাষের জমিতে জল জমে যাওয়ায় আলুর চাষ নিয়ে বিপত্তির মধ্যে তাঁরা।



