Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্নাতকোত্তরে ভরতির বিজ্ঞপ্তি, ১ আগস্ট থেকে ক্লাস শুরুর নির্দেশ

স্নাতকে ভরতির পোর্টাল চালু হওয়ার সঙ্গে সঙ্গে স্নাতকোত্তরে ভরতির বিজ্ঞপ্তিও জারি করে দিল উচ্চশিক্ষা দপ্তর

স্নাতকোত্তরে ভরতির বিজ্ঞপ্তি, ১ আগস্ট থেকে ক্লাস শুরুর নির্দেশ
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্নাতকে ভরতির পোর্টাল চালু হওয়ার সঙ্গে সঙ্গে স্নাতকোত্তরে ভরতির বিজ্ঞপ্তিও জারি করে দিল উচ্চশিক্ষা দপ্তর। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়গুলিকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে ভরতি প্রক্রিয়া। ১ আগস্ট থেকেই জেনারেল কোর্সের স্নাতকোত্তরের ক্লাস শুরু করে দিতে হবে। মেধাই হবে বাছাইয়ের একমাত্র মাপকাঠি। আবেদন হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে। কাউন্সেলিং এবং তথ্য যাচাইয়ের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ডেকে পাঠাতে পারবে না। কোনো ক্ষেত্রেই ভরতি প্রক্রিয়ার জন্য (স্ক্যান করা, তথ্য আপলোড করা প্রভৃতি) কোনো টাকা নেওয়া যাবে না। অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ রয়েছে, সেগুলিতে নিজস্ব পড়ুয়াদের জন্য ৮০ শতাংশ সংরক্ষণ থাকবে। আর ২০ শতাংশ সংরক্ষণ থাকবে অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য। যে বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ নেই অর্থাৎ ইউনিটারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়াদের জন্য সংরক্ষণ থাকবে ৯০ শতাংশ। বাকি ১০ শতাংশ থাকবে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য।

Advertisement

এদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয় কীভাবে স্নাতকোত্তরে ভরতি নেবে, তা নিয়ে কিছুটা ধন্দে পড়েছে। পরিকল্পনা ছিল, স্নাতকোত্তরের জন্য একটি প্রবেশিকা পরীক্ষা নেবে তারা। সেই আবেদনও শুরু হয়েছে। ঠিক ছিল, পঞ্চম সেমেস্টারের ছাত্রছাত্রীরা এতে বসবেন। নিজস্ব কলেজের পড়ুয়াদের জন্য মোট আসনের ৪৮ শতাংশ সংরক্ষিত থাকবে। তাঁরা পঞ্চম সেমেস্টারে প্রাপ্ত নম্বর এবং প্রবেশিকায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভরতি হবেন। বাকি ৩২ শতাংশ আসনে নিজস্ব কলেজের বা অন্য কলেজের পড়ুয়ারা ভরতি হতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র প্রবেশিকাই হবে মাপকাঠি। বাকি ২০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে একবছরের স্নাতকোত্তর কোর্সের যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের জন্য। আগামী বর্ষে তাঁরা চারবছরের ডিগ্রি কোর্স করে বেরোবেন।
তবে, সরকারি বিজ্ঞপ্তিতে মেধার ভিত্তিতে যেমন ভরতি করার কথা বলা হয়েছে, তা প্রবেশিকা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বাধা হবে কি না, সেটাই বুঝতে চাইছে তারা। অন্যদিকে, প্রথম দিন স্নাতকে ভরতির কেন্দ্রীয় পোর্টালে ২৫ হাজার জনের বেশি নাম নথিভুক্ত করেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ