Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘নিখোঁজ’ তৃণমূল কাউন্সিলারের নামে পোস্টার, শোরগোল

বালুরঘাটের তৃণমূল কাউন্সিলার বিপ্লব খাঁ নিখোঁজ, সিপিএমের অভিযোগ। এলাকার পরিষেবার অভাবে ক্ষোভ বাড়ছে। বিস্তারিত জানুন।

‘নিখোঁজ’ তৃণমূল কাউন্সিলারের নামে পোস্টার, শোরগোল
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: ‘নিখোঁজ’ কাউন্সিলার! বালুরঘাট শহরের তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিপ্লব খাঁয়ের বিরুদ্ধে পড়ল পোস্টার। ওয়ার্ডজুড়ে নিখোঁজের পোস্টার সাঁটিয়েছে সিপিএম। তাদের অভিযোগ, ওয়ার্ডে আবর্জনা জমে রয়েছে। পানীয় জল, আলো সহ নানা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওয়ার্ডের মানুষ। এলাকায় কাউন্সিলারের দেখা না মেলায় ক্ষোভ বাড়ছে ওয়ার্ডে।

Advertisement

তৃণমূল সরকারের আমলে বিপ্লব সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। পালাবদলের পর সম্প্রতি পদত্যাগ করেছেন। 
তাঁর জমানার বিভিন্ন কাজ নিয়ে তদন্ত চলছে। ধরা পড়ার ভয়ে তিনি বালুরঘাট ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ সিপিএমের। যদিও বিপ্লবের বক্তব্য, আমি কোথাও যাইনি। বাড়িতেই আছি। এই ঘটনায় তিনি সিপিএমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। বিপ্লবের পালটা অভিযোগ, সিপিএমের আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেটারও তদন্ত হওয়া প্রয়োজন। এবিষয়ে বালুরঘাট শহরের ১২ নম্বর ওয়ার্ডের সিপিএম নেতা ধীরাজ বসু বলেন, তৃণমূলের পরাজয়ের পর এখানকার কাউন্সিলারকে ওয়ার্ডে দেখা যাচ্ছে না। মানুষ অভাব-অভিযোগ কোথাও জানাতে পারছেন না। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আবর্জনা জমছে। সাফাই ঠিকঠাক হচ্ছে না। ধীরাজের অভিযোগ, ওই কাউন্সিলার তৃণমূল সরকারের আমলে বিভিন্ন সরকারি পদে ছিলেন। তাই তার নামে বহু দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। তাই তিনি বালুরঘাট ছেড়ে পালিয়েছেন। কাউন্সিলার বিপ্লবের দাবি, আমি দুর্নীতি করিনি। তাই পালানোর প্রশ্নই নেই। আমি পালানোর মানুষ না। দুর্নীতির তদন্ত যদি করতেই হয়, তাহলে সিপিএমের আমলের দুর্নীতির তদন্ত করতে হবে। বালুরঘাট শহরের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিপ্লব তৃণমূলের পুরনো নেতা। দীর্ঘদিন বালুরঘাট থেকে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই পদ থেকে তিনি ইস্তফা দেন। তারপর থেকে বিপ্লবের আর দেখা মিলছে না বলে অভিযোগ।এদিকে ওয়ার্ডে বিভিন্ন জায়গায় ময়লা, আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওয়ার্ডের বাসিন্দা স্বপন দাস বলেন, দীর্ঘদিন আবর্জনা পড়ে রয়েছে এলাকার। পুরসভা ও কাউন্সিলার ঠিকভাবে কাজ করছে না। যদিও পুরচেয়ারম্যান সুরজিৎ সাহার বক্তব্য, শনিবারও ওই ওয়ার্ডের আবর্জনা পরিষ্কার হয়েছে। রবিবার ছুটির দিন থাকায় দু-এক জায়গায় হয়ত কর্মীরা যাননি। দ্রুত আবর্জনা সাফাইয়ের  বিষয়টি আমরা দেখছি। 

সম্পর্কিত সংবাদ