নয়াদিল্লি: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে ঢেকেছে রাজধানী। একইসঙ্গে দিল্লি শহরের বিভিন্ন প্রান্তে ১৯ কুখ্যাত জঙ্গির খোঁজে পোস্টারও টাঙানো হয়েছে। এই তালিকায় অন্যতম হল— ইন্ডিয়ান মুজাহিদিনের রিয়াজ ভাটকল ও শাবনদ্রি মহম্মদ ইকবাল ওরফে ইকবাল ভাটকল, আল কায়েদার শারজিল আখতার, আবু সুফিয়ান ও সৈয়দ মহম্মদ আরশিয়ান। এছাড়াও একাধিক খালিস্তানপন্থী সংগঠনের দুষ্কৃতীদের নাম ও তথ্য উল্লেখ করা হয়েছে। সেই তালিকায় উল্লেখযোগ্য হল রণজিৎ সিং, পরমজিৎ সিং পাম্মা, আর্শদীপ সিং ওরফে আর্শ দালা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জঙ্গিরা দেশে একাধিক সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত। সন্দেহভাজন কাউকে দেখলেই যেন দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।



