Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোট পরবর্তী হিংসা: ধৃত তৃণমূলের উপপ্রধান, গাইঘাটা ব্লকের ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্য

২০২১ সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় পঞ্চায়েতের উপপ্রধানকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃতের নাম কার্তিক ঘোষ।

ভোট পরবর্তী হিংসা: ধৃত তৃণমূলের উপপ্রধান, গাইঘাটা ব্লকের ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্য
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় পঞ্চায়েতের উপপ্রধানকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃতের নাম কার্তিক ঘোষ। তিনি গাইঘাটা ব্লকের ইছাপুর ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান। বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে নিজেদের হেপাজতে চেয়ে আদালতে সওয়াল করে গাইঘাটা থানার পুলিশ। জানা গিয়েছে, আদালত পুলিশি আবেদন খারিজ করে ধৃতকে জামিনে মুক্তি দিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ২০২১ সালে ভোট পরবর্তীকালে স্থানীয় বিজেপি সমর্থক প্রকাশ ঘোষের বাড়িতে হামলা হয়। অভিযোগ, ওই বিজেপি সমর্থকের বাড়িতে হামলায় নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূলের কার্তিক ঘোষ। বিজেপি সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটেছিল বলে দাবি বাড়ির সদস্যদের। এরপর মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল প্রকাশ ঘোষকে। তিনি কিছুদিন জেল খাটেন। সম্প্রতি কার্তিক ঘোষের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি সমর্থকের পরিবারের এক সদস্য। এরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ক্লাবের জমি দখল করা থেকে শুরু করে সরকারি গাছ কেটে বিক্রি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, দলের প্রভাব খাটিয়ে এতদিন অসামাজিক কাজ করে এসেছে অভিযুক্ত। যদিও এবিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তৃণমূল নেতৃত্ব।
প্রকাশ ঘোষ বলেন, ২০২১ সালে ভোট পরবর্তী সময়ে কার্তিক ঘোষের নেতৃত্বে আমার বাড়িতে হামলা হয়েছিল। ভাঙচুর ও বোমাবাজি করা হয়। বিনা কারণে আমার নামে অভিযোগ করে। আমাকে কিছুদিন জেল খাটতে হয়েছিল। এবিষয়ে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, ভোট পরবর্তী হিংসার ঘটনায় যারা যুক্ত ছিল, পুলিশ তাদেরই গ্রেপ্তার করছে। কার্তিক ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল বলেই গ্রেপ্তার হয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ