দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শনিবারের পর থেকে পুজোর শেষ পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির গেরো কাটবে বলেই আশা করছে আবহাওয়া দপ্তর। মহাসপ্তমীর দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার থেকে পুজোর বাকি দিনগুলিতে আবহাওয়া শুকনো থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবারের পাশাপাশি রবিবারও  উত্তরবঙ্গের  দার্জিলিং ও কালিম্পং জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। তারপর গোটা উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস আপাতত দেওয়া হয়নি। আজ কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শুক্রবার, ষষ্ঠীর দিন দুপুর পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও উত্তর দিনাজপুর জেলার  কয়েকটি জায়গায় বৃষ্টির মেঘ তৈরি হয়। তামিলনাড়ু উপকূল থেকে ওড়িশা পর্যন্ত অবস্থান করা যে নিম্নচাপ অক্ষরেখার জন্য মাঝেমাঝে বৃষ্টি হচ্ছে, সেটি ক্রমশ দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে সরে যাচ্ছে। তাই এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বলে আশা আবহাওয়াবিদদের।

Advertisement