Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

২৩-২৫ আগস্ট কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।

২৩-২৫ আগস্ট কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার তাদের দীর্ঘকালীন পূর্বভাসে জানিয়েছে, আগামী ২৫-২৭ আগস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এটি তারপর শক্তি বাড়িয়ে পরিণত হবে নতুন এক নিম্নচাপে। এদিকে আবহাওয়া দপ্তর নিম্নচাপের আগেই আগামী ২৩-২৫ আগস্ট  কয়েকটি জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মৌসুমি বায়ু ফের সক্রিয় হওয়ার ফলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটি হবে। উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এই সময়ে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, সম্ভাব্য নিম্নচাপটির গতিপ্রকৃতি বিশ্লেষণ করে পরবর্তীকালে দক্ষিণবঙ্গের জন্য আরও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

উত্তর বঙ্গোপসাগরে আগস্টেই ইতিমধ্যে তিনটি নিম্নচাপ তৈরি হয়েছে। কয়েকদিন আগে উত্তর বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটির প্রভাবে দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয় সেটি বৃহস্পতিবার দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের উপর ছিল। 
এই নিম্নচাপটির প্রভাবে ঝাড়খণ্ড, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে জুলাই থেকে পরপর নিম্নচাপ তৈরি হওয়ার জেরে দেশের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে ওড়িশা ও মধ্য ভারতে। মধ্য ভারতে এখনো পর্যন্ত দেশের সব অঞ্চলের মধ্যে দীর্ঘকালীন গড় বৃষ্টিপাতের নিরিখে বৃষ্টি হয়েছে সবথেকে বেশি। এই এলাকায় বর্ষাকালের গড়ের তুলনায় মাত্র ২ শতাংশ কম বৃষ্টি হয়েছে। যেখানে দেশে কম বৃষ্টি হয়েছে সার্বিক গড়ের ১৩ শতাংশ। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে গড়ের তুলনায় ২৬ শতাংশ কম, উত্তর-পশ্চিম ভারতে ১০ শতাংশ কম এবং দক্ষিণ ভারতে ২২  শতাংশ কম বৃষ্টি হয়েছে। গড়ের থেকে ২০ শতাংশ কম বৃষ্টি হলে তা ঘাটতি বলে ধরা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ