


প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে থাকবেন অভিনেত্রী পার্নো মিত্র। সম্প্রতি সমাজমাধ্যমে এ কথা জানিয়েছেন নায়িকা নিজেই। শ্রীময়ী চক্রবর্তী পরিচালিত ‘স্পিরিট অব দ্য ওয়াইল্ড লাইফ’ ছবির কার্যনির্বাহী প্রযোজক তিনি। এ বছর ছবিটি যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবে। দুই সাহসী নারীকে নিয়ে এগিয়েছে এই ডকু ফিচারের গল্প। ওই দুই নারী পেশায় মহুয়া সংগ্রহ ও বিক্রি। তাঁদের মধ্যে একজন পুরুষ হিসাবে বাঁচার স্বপ্ন দেখেন। এই দুই নারীর জীবন সংগ্রামই উঠে এসেছে শ্রীময়ী পরিচালিত ছবিতে। আর এর মাধ্যমেই কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাজির হবেন পার্নো। অভিনেত্রী এ প্রসঙ্গে বলেছেন, ‘এই কাজটির সঙ্গে যুক্ত হতে পেরে আমি আপ্লুত। আপাতত কান চলচ্চিত্র উৎসবের অপেক্ষায় রয়েছি।’