Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদ্যালয়ের সামনেই বেহাল রাস্তা, সমস্যায় খুদে পড়ুয়ারা

বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা। কোথাও পিচ-খোয়া উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত, কোথাও আবার বেরিয়ে এসেছে মাটি

বিদ্যালয়ের সামনেই বেহাল রাস্তা, সমস্যায় খুদে পড়ুয়ারা
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা। কোথাও পিচ-খোয়া উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত, কোথাও আবার বেরিয়ে এসেছে মাটি। বর্ষায় সেই গর্তে জমছে জল, তৈরি হচ্ছে কাদা। বাধ্য হয়ে সেই কাদা-জল পেরিয়েই প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে ছোট ছোট পড়ুয়াদের। কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের দিগনগর গ্রাম পঞ্চায়েতের চাপড়া দিগনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার এমনই দুরবস্থায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে রাস্তার কোনও স্থায়ী সংস্কার হয়নি। দীর্ঘদিনের অযত্নে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও পিচ ও খোয়া উঠে গিয়ে মাটির চেহারা নিয়েছে রাস্তা। বর্ষার বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলিতে জল জমে যায়। তার সঙ্গে তৈরি হয় কাদা। ফলে ছোট ছোট পড়ুয়াদের বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।

Advertisement

শুধু পড়ুয়া নয়, এই রাস্তা দিয়ে প্রতিদিন অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা-সহ এলাকার বহু মানুষ যাতায়াত করেন। ভাঙাচোরা রাস্তার কারণে তাঁদেরও নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলে এবং সন্ধ্যার পর রাস্তা দিয়ে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। গর্তে পড়ে দুর্ঘটনার আশঙ্কাও থাকছে। 
স্থানীয় বাসিন্দা অখিল মণ্ডল বলেন একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এমন ভাঙাচোরা রাস্তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুদের নিরাপদে বিদ্যালয়ে পৌঁছানোর জন্য ভালো রাস্তা অত্যন্ত জরুরি। অথচ রাস্তার প্রায় সব জায়গাতেই ভাঙাচোরা অবস্থা। আরও এক বাসিন্দা শম্পা দাস বলেন, এখন মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তাই রাস্তায় জল-কাদা জমে রয়েছে। বর্ষা কেটে রাস্তা শুকিয়ে গেলে আবার ধুলোর সমস্যা শুরু হবে। রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত এই সমস্যা মিটবে না।
রাস্তার সমস্যা নিয়ে দিগনগর পঞ্চায়েতের প্রধান দিগলি বিশ্বাস বলেন, ‘রাস্তাটির বিষয়ে আমি জেনেছি। সেখানে যিনি মেম্বার রয়েছেন, তাঁর সঙ্গে কথা বলে দ্রুত যাতে রাস্তার সংস্কার করা যায়, সেই ব্যবস্থা করা হবে। স্থানীয়দের দাবি, শুধু সাময়িকভাবে গর্ত বুজিয়ে সমস্যার সমাধান নয়, রাস্তার স্থায়ী সংস্কার করা প্রয়োজন। তাই পড়ুয়া ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত রাস্তা সংস্কারের দিকে প্রশাসন নজর দিক। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ